ট্রাক চালককে জবাই করে চাল ছিনতাই, সহকারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক থেকে ওই ট্রাকের চালক মো. রবিউলের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে চালকের সহকারী মো. আশরাফুলকে গলাকাটা অবস্থায় অচেতন উদ্ধার করা হয়। আশরাফুলকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

পুলিশ বলছে, ওই ট্রাকটি চালবোঝাই ছিল। চালক ও সহকারীর গলা কেটে দুর্বৃত্তরা ওই চাল ছিনতাই করেছে বলে ধারণা করা হচ্ছে।
গজারিয়া থানার পুলিশ জানায়, আজ শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় মহাসড়কে দীর্ঘক্ষণ ধরে একটি ট্রাক পড়ে ছিল। তখন দুই পাশে বেশ যানজটের সৃষ্টি হয়। তখন স্থানীয় লোকজন ট্রাকে উঁকি দিয়ে দেখেন, ভেতরে দুজন গলাকাটা অবস্থায় অচেতন পড়ে আছেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় পাঠানো হয়। পরে ওই দুজনের পরিচয় পাওয়া যায়।
গজারিয়া থানার পুলিশ জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক চালকের সহকারী আশরাফুলের চেতনা ফিরলে তাঁর কাছ থেকে কিছু তথ্য নেওয়া হয়। আশরাফুলের তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া থেকে চালবোঝাই ট্রাক নিয়ে চালক রবিউল ও আশরাফুল ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে চালক রবিউলের তিন পরিচিত ব্যক্তি ট্রাকে ওঠেন। ট্রাক সাভার হয়ে মধ্যবাড্ডা গেলে ওই তিন ব্যক্তি চালক ও তাঁর সহকারীকে জবাই করে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)‍ হেদায়েতুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই ট্রাকে কোনো চাল পাওয়া যায়নি। ট্রাকটি থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, ঢাকায় গলাকাটার পর ট্রাক আবার মুন্সিগঞ্জের গজারিয়ায় নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে চাল লুট করা হয়।
ওসি বলেন, এ ঘটনায় ট্রাক ও চালের মালিকের ভাই আবদুল আউয়াল অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা করেছেন। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
হিজড়ার লাশ উদ্ধার
মুন্সিগঞ্জ সদর থানার ওসি ইউনুস ভূঁইয়া বলেন, আজ সকাল দশটার দিকে সদর উপজেলার কাঠপট্টি ঘাটের কাছে ধলেশ্বরী নদী থেকে এক অজ্ঞাতনামা হিজড়ার (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাত আছে। ধারণা করা হচ্ছে, ওই হিজড়াকে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।