ট্রাক চুরি করে পালানোর সময় গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক চুরি করে পালানোর সময় রমজান আলী (৩০) নামের এক চোরকে আটক করে স্থানীয় জনতা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। রমজান আলীর বাড়ি কুষ্টিয়া জেলা সদরের বাঁধপাড়া গ্রামে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ট্রাকটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আহত রমজান আলীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোরে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার থেকে আবদুল আলিম লিটনের একটি ট্রাক চুরি করে নিজেই চালিয়ে পালানোর সময় সেখানকার লোকজন ট্রাকটির পিছু নেয়। একপর্যায়ে চালক চোর ট্রাকটি নিয়ে তাড়াশের আঞ্চলিক সড়কে ঢুকে পড়ে।
এদিকে পিছু নেওয়া লোকজন চিৎকার করলে তাড়াশ উপজেলা সদরের জিকেএস মোড়ে উপস্থিত জনতা ট্রাকটির গতি রোধ করে। এ সময় উত্তেজিত জনতা রমজান আলীকে আটক করে পিটুনি দিয়ে তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করে।