ট্রাক থেকে চালক ও সহকারীর লাশ উদ্ধার
রংপুর নগরের তাজহাট এলাকায় একটি ট্রাকের ভেতর থেকে চালক ও তাঁর সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে থেমে থাকা ট্রাকটির ভেতর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
মৃত দুজন হলেন ট্রাকচালক কোরাইশ খান (৩৫) ও তাঁর সহকারী রমজান আলী (২২)। কোরাইশের বাড়ি সিরাজগঞ্জের শাহাদাতপুর উপজেলার নুনদাই গ্রামে। রমজানের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে কোতোয়ালি থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, গতকাল বুধবার সকাল থেকে তাজহাট কবরস্থানের সামনে খালি ট্রাকটি রাখা ছিল। আজ সকালে ট্রাকটি থেকে দুর্গন্ধ বের হয়। কবরস্থান-সংলগ্ন হিমাগারের লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ভাষ্য, দুটি লাশেরই গলায় গামছা প্যাঁচানো ছিল। দুর্বৃত্তরা তাঁদের শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
কোরাইশের বড় ভাই আব্দুল করিম খান বলেন, কোরাইশ নিজেই ট্রাকটির মালিক ও চালক ছিলেন। তিনি গত মঙ্গলবার বাড়ি থেকে ট্রাক নিয়ে বের হন। কোরাইশের সহকারীর বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি করিম।
উদ্ধার করা লাশ দুটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।