ট্রাক থেকে ২০ হাজার ইয়াবা আটক, গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জের বন্দরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা বড়িসহ ৪ জনকে আটক করেছে র্যাব-১১। আজ সোমবার সকালে উপজেলার কামতাল এলাকার বনলতা ফিলিং স্টেশনের সামনে থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে সাড়ে ৯৭ হাজার টাকাও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ট্রাক চালক কক্সবাজার সদর উপজেলার হজরত আলী (২৫) ও জলিল (৪৫) এবং একই জেলার উখিয়া উপজেলার মো. আলী (৫০) ও শাহজাহান (৪৮)।
র্যাব-১১ এর কর্মকর্তা মো. নান্নু মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেন। মামলায় বলা হয়, কক্সবাজার থেকে মাদক ব্যবসায়ীরা ট্রাকে করে ইয়াবার একটি চালান নিয়ে ঢাকা আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ উত্তরার একটি দল বন্দর উপজেলার কামতাল এলাকায় বনলতা ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। ট্রাকটি বনলতা ফিলিং স্টেশনের সামনে এলে র্যাবের দলটি গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা বড়ি ও ইয়াবা বিক্রির সাড়ে ৯৭ হাজার টাকা জব্দ করে। মাদক পাচারের অপরাধে চালকসহ ৪ জনকে গ্রেপ্তার এবং ও ট্রাকটি আটক করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।