ট্রাক থেকে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ২
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি ট্রাক থেকে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার র্যাব-১২ সদস্যরা মহাসড়কের হাটিকুমরুল-বনপাড়া স্থানে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার সমবায় ফিলিং স্টেশনের সামনে থেকে ২০ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার দুজন হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার আমতলি হঠাৎ পাড়া গ্রামের মো. তমাল আলী (২২) এবং সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের মো. আবদুস ছালাম (৩৫)।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাসিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জগামী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। সে সময় ওই ট্রাকে রাখা ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধারের পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা করেছে। গ্রেপ্তার দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।