ট্রাক থেকে ৮০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩
লালমনিরহাট সদর থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে লালমনিরহাট থেকে নাটোরগামী একটি ট্রাক থেকে ধানের সঙ্গে পোঁটলা করে বস্তায় ভরা ৮০ কেজি গাঁজা জব্দ করেছে। একই সঙ্গে মাদক ব্যবসার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (২৬), কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বিত্তিপাড়া গ্রামের বাসিন্দা ট্রাকচালক রাজু আহম্মেদ (২৫) এবং চালকের সহকারী একই এলাকার উজ্জ্বল আলী (১৯)।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফিলের রহমান বলেন, এ ঘটনায় উপপরিদর্শক আবদুল কুদ্দুস বাদী হয়ে সাতজনকে আসামি করে বৃহস্পতিবার রাত থানায় মামলা দায়ের করেন। আটক তিনজনকে গত শুক্রবার এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা ট্রাক, ধান ও গাঁজা পুলিশের হেফাজতে রয়েছে।
সদর থানার পুলিশ সূত্র জানায়, উপজেলার কুলাঘাট বাজারের একটি গুদাম থেকে ৭৪ বস্তা ধান ট্রাকে করে কুলাঘাট-বড়বাড়ি-তিস্তা সড়কপথে নাটোরের উদ্দেশে যাত্রা করে। পথে রাত নয়টার দিকে তিন মাথায় পুলিশ ট্রাকটি আটক করে। পরে তল্লাশি করে ২১টি বস্তার ভেতর থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।