ট্রাক দুটির জন্য শহর অবরুদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জামালপুর শহরের ছনকান্দায় ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা দুটি বালুবাহী ট্রাকের একটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। ট্রাকটি জব্দ করায় সম্মিলিত পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতা-কর্মী ও এলাকার বালু ব্যবসায়ীরা গত রোববার গোটা শহর অবরুদ্ধ করে ফেলেন। দুই ঘণ্টা ধরে চলা এ অবরোধের কারণে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সব দোকানপাট। বিভিন্ন যানবাহনের যাত্রীরা পড়েন দুর্ভোগে। অবস্থা বেগতিক দেখে জেলা প্রশাসন ট্রাক দুটি ছেড়ে দিতে বাধ্য হয়।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল শহরের ছনকান্দা এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটি শক্তিশালী সিন্ডিকেট। এ নিয়ে গত ৩ জানুয়ারির প্রথম আলোয় ‘নদ থেকে অবৈধভাবে বালু তুলছেন আওয়ামী লীগ নেতারা, হুমকিতে সেতু মহাসড়ক, বাঁধ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এর পরদিন রোববার জেলা প্রশাসনের উদ্যোগে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত হয়। পরে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর রহমানের নেতৃত্বে আদালতের অভিযান পরিচালনার সময় শ্যালো ইঞ্জিনচালিত তিনটি যন্ত্র ও দুটি বালুবাহী ট্রাক জব্দ করে জেলা প্রশাসনের কার্যালয়ে আনা হয়। ওই দুটি ট্রাকের মধ্যে একটি ছিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চোধুরীর।
জেলা পরিবেশ আন্দোলনের সভাপতি ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, আইন অমান্য করে যাঁরা বালু উত্তোলন করছেন, তাঁরাই আবার অবৈধ দাবিতে রাস্তায় ব্যারিকেড দিয়ে শহরবাসীকে অবরুদ্ধ করে ত্রাসের সৃষ্টি করে। এ অবস্থা চলতে থাকলে অবৈধ বালু উত্তোলনকারীদের রুখবে কে?
জব্দকৃত ড্রেজার এবং ট্রাক ছেড়ে দেওয়া ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহারের দাবিতে সন্ধ্যা সাতটায় জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও এবং শহরের দয়াময়ী, তমালতলা, ঢাকাইপট্টি, ফেরিঘাট, কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের সড়কে আড়াআড়িভাবে ট্রাক রেখে রাস্তা বন্ধ ও বিক্ষোভ করেন ওই সব নেতা-কর্মী। ‘ড্রেজার ও ট্রাক জব্দ কেন? জেলা প্রশাসন জবাব চাই’ এমন স্লোগান দিয়ে তাঁরা বিক্ষোভ করেন। দুই ঘণ্টা ধরে চলা এ অবরোধের কারণে আতঙ্কে শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। প্রতিবন্ধকতার কারণে বিভিন্ন যানবাহনের যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েন। পরে অনেকটা বাধ্য হয়েই জব্দকৃত ট্রাক ও শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্রগুলো ছেড়ে দেয় জেলা প্রশাসন। এতে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।
জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান বলেন, ট্রাকগুলো বালু উত্তোলনের সঙ্গে জড়িত না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দকৃত যন্ত্র ও ট্রাক কীভাবে ছেড়ে দিলেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সেগুলো আনা হয়েছিল। কিন্তু জব্দ দেখানো হয়নি। তবে সব জটিলতা সম্পন্ন করে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ ঘটনায় ফারুক আহম্মেদ চোধুরীর সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন দেওয়া হলেও মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।