ট্রাকচাপায় যুবক নিহত, ট্রাকে আগুন, চালককে গণধোলাই

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তালতলা বাজার এলাকায় গতকাল বুধবার ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী চালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ছাড়া স্থানীয় লোকজন ট্রাকে আগুন দিয়ে নকলা-নালিতাবাড়ী সড়ক অবরোধ করে রাখেন।
নিহত যুবকের নাম জহুরুল ইসলাম (৩০)। তিনি তালুকপাড়া গ্রামের মৃত সইমুদ্দিনের ছেলে।
ইউএনও তরফদার সোহেল রহমান বলেন, সুষ্ঠু সমাধানের আশ্বাসে এলাকাবাসী সড়কের অবরোধ তুলে নেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তালতলা বাজার এলাকায় নকলা-নালিতাবাড়ী সড়কে একটি ট্রাক একটি গরুকে ধাক্কা দেয়। এ সময় জহুরুল ইসলামসহ কয়েকজন লোক সড়কে দাঁড়িয়ে চলন্ত ট্রাকটি থামতে ইশারা করেন। কিন্তু চালক মঞ্জু মিয়া (৩০) ট্রাক না থামিয়ে জহুরুলকে চাপা দিয়ে চলে যান। এতে ঘটনাস্থলেই জহুরুলের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে ট্রাকটি ফেলে মঞ্জু মিয়া পালিয়ে যেতে চেষ্টা করেন। এ সময় স্থানীয় জনতা তাঁকে আটক করে ধোলাই দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন এবং নালিতাবাড়ী-নকলা সড়ক অবরোধ করে রাখেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা দেড়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান ও যোগানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সমঝোতার আশ্বাস দেওয়া হলে বেলা আড়াইটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
নালিতাবাড়ী থানার ওসি ফসিহুর রহমান বলেন, দুপক্ষই মামলা করবে না বলে লিখিত দিয়েছে। নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।