ট্রাকচালক ধরিয়ে দিলেন তিন ছিনতাইকারীকে
চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় ছিনতাই শেষে মোটরসাইকেলে করে পালিয়ে যান তিন যুবক। এক ট্রাকচালক দূর থেকে ঘটনাটি দেখছিলেন। কিছু সময় পর অক্সিজেন এলাকায় তল্লাশিচৌকিতে থামানো হয় ট্রাকচালককে। সেখানে মোটরসাইকেলের আরোহীদের তল্লাশির জন্য থামায় পুলিশ। সঙ্গে সঙ্গে ট্রাকচালক ওই তিন যুবকের ছিনতাইয়ে জড়িত থাকার কথা পুলিশকে জানান। শেষ পর্যন্ত ধরা পড়েন তিন যুবক। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার তিন যুবক হলেন আজম খান, নাজিম ও মোরশেদ আলম। তবে ওই ট্রাকচালকের নাম জানা যায়নি। পুলিশকে জানানোর পর ওই চালক ট্রাক নিয়ে চলে যান।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ইউনিলিভার বাংলাদেশের কর্মকর্তা জহিরুল ইসলাম শনিবার রাত দুইটার দিকে জিইসি মোড় থেকে রিকশায় করে বাসায় ফিরছিলেন। রিকশাটি ২ নম্বর গেট এলাকায় পৌঁছার পর অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেলে থাকা তিন যুবক তাঁর মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। দূর থেকে তা দেখছিলেন এক ট্রাকচালক। ওই মোটরসাইকেলটিকে অক্সিজেন এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে থামানো হয়। ট্রাকটিকেও সেখানে থামানো হয়। তখন ট্রাকচালক ছিনতাইয়ের বিষয়টি পুলিশকে জানান। পরে মোটরসাইকেলের সিটের নিচ থেকে ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়।
ওসি মহসিন বলেন, গ্রেপ্তার তিনজনের কাছ থেকে ছিনতাই করা টাকা ও মুঠোফোন উদ্ধার করে ছিনতাইয়ের শিকার জহিরুলকে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, দিনের বেলায় নগরে সিএনজি অটোরিকশা চালান। আর রাতের বেলায় মোটরসাইকেল নিয়ে ছিনতাই করেন।