ট্রাকচালক হত্যাকাণ্ডের ঘটনায় আরেকজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ট্রাকচালক নূরুল আমিনকে (৪৫) হত্যার সঙ্গে জড়িত মো. কালু ওরফে আনোয়ারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যা সাতটায় শেরপুর থানা-পুলিশ তাঁকে ঢাকার কদমতলী থানার কদমতলী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার করা মো. কালু কুমিল্লার মেঘনা থানার বামনচর নয়াগাঁও গ্রামের খলিলুর রহমানের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বলেন, নিহত ট্রাকচালকের সহকারী (হেলপার) রংপুর সদর থানার এরশাদ কলোনি গ্রামের ফারুক হোসেনের ছেলে রবিউল ইসলামকে (২৫) গত বছরের ১৯ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী এই হত্যার সঙ্গে জড়িত অপর দুজনের নাম-পরিচয় জানা যায়। এরই পরিপ্রেক্ষিতে মো. কালুকে গ্রেপ্তার করা হয়েছে।
ট্রাকচালক নূরুল আমিন গত বছরের ২ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনা ফ্রেশ অয়েল মিল থেকে সয়াবিন তেল নিয়ে নীলফামারীর জলঢাকা বাজারে যাওয়ার পথে খুন হন। শেরপুর থানা-পুলিশ পরদিন সকালে উপজেলা মহাসড়কের ঘোগা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে। পরদিন নিহত ব্যক্তির পরিবার তাঁর লাশ শনাক্ত করে। তাঁর বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার দিয়ারমণ্ডল গ্রামে।