ট্রাকচালককে গলা কেটে হত্যা করে চাল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ট্রাকের ভেতর থেকে গতকাল শুক্রবার মো. রবিউল (৩৫) নামে এক ট্রাকচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ওই ট্রাক থেকে চালকের সহকারী মো. আশরাফুলকেও অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। একই দিন পুলিশ সদর উপজেলায় এক হিজড়ার (২৫) লাশ উদ্ধার করেছে।
মো. আশরাফুলের দাবি, দুর্বৃত্তরা রবিউলকে গলা কেটে হত্যা করে ট্রাকে থাকা চাল ছিনতাই করে নিয়ে গেছে।
রবিউলের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরবালিয়াপাড়া গ্রামে। আশরাফুলের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মণ্টপ মেরিরচর এলাকায়।
গজারিয়া থানার পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার বাউশিয়া উজানভাটি হোটেলের কাছে একটি ট্রাক দীর্ঘ সময় পড়ে থাকায় দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে হোটেলের লোকজন বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে ট্রাকের ভেতরে চালক রবিউল ও তাঁর সহকারী আশরাফুলকে গলাকাটা অবস্থায় দেখতে পান। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় ট্রাকচালককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দায়িত্বরত চিকিৎসক জানান, আশরাফুল এখনো বেঁচে আছেন। পরে সেখান থেকে আশরাফুলকে মুমূর্ষু অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ওই ট্রাকটি থানায় রাখা হয়েছে। রবিউলের লাশও থানায় রয়েছে।
আশরাফুলের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া থেকে চালবোঝাই করে ট্রাক নিয়ে চালক রবিউল ও আশরাফুল ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। পথে সাভারের নবীনগর থেকে রবিউলের তিন পরিচিত ব্যক্তি ট্রাকে ওঠেন। তাঁরা সাভার হয়ে ঢাকার মধ্যবাড্ডা এলাকায় এলে ওই তিনজন রবিউল ও আশরাফুলকে গাড়ির ভেতরে গলা কাটেন। এরপর কী হয়েছে আশরাফুলের তা মনে নেই বলে তিনি তাদের (পুলিশ) জানিয়েছেন।
এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভুইয়া প্রথম আলোকে বলেন, ট্রাকটি পাওয়া গেলেও চালের বস্তা দুর্বৃত্তরা নিয়ে গেছে। এ ব্যাপারে ট্রাক ও ওই চালের মালিক মেসার্স শুভ ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী হাজি মোহাম্মদ আলী জিনহার ভাই আবদুল আউয়াল থানায় একটি মামলা করেছেন। আহত আশরাফুলের তথ্য অনুসারে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে সদর থানার পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে উপজেলার মীরকাদিম পৌরসভার কাঠপট্টি ঘাটের কাছে ধলেশ্বরী নদীতে ওই হিজড়ার লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে তাঁর লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
সদর থানার ওসি মো. ইউনুস ভুইয়া বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। ওই হিজড়ার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পরনে সালোয়ার-কামিজ ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে লাশ ভাসতে ভাসতে ধলেশ্বরী নদীর কাঠপট্টি ঘাটের কাছে চলে আসে।