বগুড়ার শেরপুর উপজেলায় গতকাল বুধবার চাঁদার টাকা না দেওয়ায় মো. আজমল (৪২) নামের এক ট্রাকচালককে মারধর করে পা ভেঙে দিয়েছেন চাঁদা আদায়কারীরা। এ সময় তাঁর পণ্যবাহী ট্রাক ভাঙচুর করেন তাঁরা। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-বগুড়া মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন কয়েক শ চালক। আজমল বগুড়ার নিশিন্দারা এলাকার বাসিন্দা।
আজমল জানান, গতকাল তিনি ট্রাক নিয়ে ঢাকা থেকে বগুড়ায় যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে তিনি শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় পৌঁছালে চাঁদা আদায়কারীদের নির্ধারিত ৫০ টাকার পরিবর্তে তিনি ৪০ টাকা চাঁদা দেন। এ সময় তাঁর সঙ্গে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি এবং স্থানীয় শ্রমিক ইউনিয়নের সদস্যদের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে শ্রমিকেরা লাঠিসোঁটা দিয়ে তাঁর ট্রাকের গ্লাস ভাঙচুর করেন। তিনি প্রতিবাদ করলে পাঁচ-ছয়জন শ্রমিক তাঁকে ট্রাক থেকে নামিয়ে পেটাতে থাকেন। এতে তাঁর ডান পা ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার জানান, আজমলের ডান পায়ের গোড়ালি ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে আজমলের মারধরের খবর ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে শেরুয়া বটতলা এলাকায় চালকেরা গাড়ি থামিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক শ যাত্রীবাহী বাস ও ট্রাক আটকা পড়ে। সকাল সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধকারীরা সকাল নয়টার দিকে অবরোধ তুলে নেন।
অবরোধে অংশ নেওয়া ট্রাকচালক লিয়াকত আলী জানান, শেরুয়া বটতলায় প্রতিদিন জোর করে গাড়িপ্রতি ৫০ টাকা করে চাঁদা আদায় করেন জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ও স্থানীয় শ্রমিক ইউনিয়নের সদস্যরা। প্রতিবাদ করেও তাঁরা এই চাঁদার হাত থেকে রেহাই পাচ্ছেন না।
বগুড়া জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. শাহজামাল এ ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করে জানান, এ ঘটনার পর থেকে মহাসড়কে তাঁর লোকজন চাঁদা আদায় থেকে বিরত রয়েছে। এ ঘটনা মীমাংসার চেষ্টা করা হচ্ছে।