ট্রাকভর্তি কম্বল আর পকেটভর্তি ইয়াবাসহ ইউপি সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া থানা-পুলিশ গত মঙ্গলবার রাতে এক ট্রাকভর্তি কম্বল ও ৬০টি ইয়াবা বড়িসহ এক ইউপি সদস্যকে আটক করেছে বলে জানিয়েছে। আটক ইউপি সদস্যের নাম সোহেল রানা ওরফে জাকাত মেম্বার। তিনি সাঁথিয়া উপজেলার নাগডেমড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কম্বলভর্তি একটি ট্রাকে করে জাকাত মেম্বার বেড়া পৌর এলাকায় আসেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বেড়া বাজার থেকে ট্রাকসহ তাঁকে আটক করে। এ সময় পুলিশ তাঁর দেহ তল্লাশি করে পকেটে ৬০টি ইয়াবা পায়। মঙ্গলবার রাতেই বেড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গতকাল বুধবার সকালে তাঁকে পাবনা কারাগারে পাঠানো হয়। কম্বলসহ জব্দ করা ট্রাকটি বেড়া থানায় রাখা রয়েছে। সেখানে ৩২ গাঁইট কম্বল রয়েছে। তবে প্রতি গাঁইটে ঠিক কতগুলো কম্বল রয়েছে সে সম্পর্কে পুলিশ জানাতে পারেনি।
বেড়া মডেল থানার ওসি ফিরোজ আহমেদ বলেন, ‘জাকাত মেম্বার পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।’