৫০ কেজি গাঁজাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে ৫০ কেজি গাঁজা পাচারের সময় জসিম মিয়া (২০) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ রোববার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব সড়কে চৌদ্দশত এলাকা থেকে এ গাঁজা আটক করা হয়। গাঁজাসহ ট্রাক ও এর চালককে আটক করে থানায় নেওয়া হয়। চালক জসিম মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানান জেলা ডিবি পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

আটক জসিম মিয়া কুমিল্লার দেবীদ্বার উপজেলার চরবাকার এলাকার আনু মিয়া সরকারের ছেলে বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে একটি মিনি ট্রাকে করে গাঁজার চালান ময়মনসিংহের তারাকান্দা এলাকায় যাচ্ছে। এ খবরের ভিত্তিতে পুলিশ ওত পেতে থাকে। বেলা আড়াইটার দিকে গাঁজাসহ ট্রাকটির সন্ধান পেলে পুলিশ সেটি থামানোর চেষ্টা করে। কিন্তু সেটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক জসিম। পরে পুলিশ ধাওয়া করে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় ট্রাকটি আটক করে। ট্রাক থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় চালক জসিমকে।

ওসি শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।