
নারায়ণগঞ্জের চাষাঢ়া মোড়ে এলোপাতাড়ি ট্রাক রেখে গতকাল বুধবার দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন ট্রাকশ্রমিকেরা। নগরের নিতাইগঞ্জে অবৈধ ট্রাকস্ট্যান্ড নির্মাণের দাবিতে তাঁরা এই সড়ক অবরোধ করেন। দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত অবরোধের ফলে ঈদ ও পূজার জন্য নগরে কেনাকাটা করতে আসা হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
নিতাইগঞ্জে রাস্তার ওপর পার্কিং-নিষিদ্ধ এলাকায় পুলিশ গত মঙ্গলবার দুপুরে অবৈধভাবে রাখা ট্রাক রেকার দিয়ে সরিয়ে নেওয়ার সময় চালক ও শ্রমিকেরা বাধা দেন। এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে পুলিশ লাঠিপেটা করে। এ খবর ছড়িয়ে পড়লে আরও ট্রাকচালক ও শ্রমিক ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে রাতেও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। শ্রমিকদের ভাষ্য, তাঁদের ওপর দুই দফায় লাঠিপেটার প্রতিবাদে তাঁরা গতকাল সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমানের নেতৃত্বে চালকেরা অর্ধশতাধিক ট্রাক সড়কে এলোপাতাড়ি ফেলে রেখে চাবি নিয়ে চলে যান। একই সময় দুই নং রেলগেট ও নিতাইগঞ্জেও একইভাবে ট্রাক ফেলে রাখা হয়। এতে নগরের চাষাঢ়া পয়েন্ট থেকে সংযুক্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড, নারায়ণগঞ্জ-ফতুল্লা-পাগলা-পোস্তগোলা সড়ক, নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক, নগরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এ যানজট ধীরে ধীরে নগরের বিভিন্ন মহল্লায়ও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতে বেলা আড়াইটার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
নগরের প্রধান পূজামণ্ডপগুলো চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত এলাকায়। এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষেও প্রচুর মানুষ কেনাকাটার জন্য শহরে বের হওয়ায় স্বাভাবিক সময়ের তুলনায় নগরে যানবাহনের চাপও গতকাল ছিল বেশি। এ অবস্থায় নগরে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়।
শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমান বলেন, নিতাইগঞ্জে সড়কে ট্রাক রাখলে পুলিশ গত চার মাস ধরে তাঁদের নানাভাবে হয়রানি করছে। শ্রমিকদের মারধর ও আটক করে ট্রাকও নিয়ে যাচ্ছে।
নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্যজোটের সভাপতি মুক্তার হোসেন বলেন, ‘স্থানীয় সাংসদ এ কে এম সেলিম ওসমানের অনুরোধে আমরা অবরোধ প্রত্যাহার করেছি।’
অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. জাকারিয়া জানান, পাঁচ মাস আগে জেলা প্রশাসক, শ্রমিক, মালিক, পুলিশ ও সিটি করপোরেশন এবং নিতাইগঞ্জের ব্যবসায়ীদের নিয়ে একটি সভা হয়। সভায় সিদ্ধান্ত হয়, সড়কে কোনো ট্রাক রাখা যাবে না এবং খাল ঘাটে ট্রাক রেখে মালামাল লোড-আনলোড করা হবে। সেই অনুযায়ী পুলিশ কাজ করেছে। কিন্তু ট্রাক শ্রমিকেরা ঈদ ও পূজার এই সময়ে মানুষকে জিম্মি করে তাঁদের দাবি আদায়ের চেষ্টা করছে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় সাত শ্রমিককে আটক করা হয়েছে।
উল্লেখ্য, সড়ক অবরোধকারী পরিবহন সংগঠনটি সাংসদ শামীম ওসমানের অনুগত হিসেবে পরিচিত। সিটি করপোরেশন পঞ্চবটীতে ট্রাক টার্মিনাল নির্মাণ করলেও সংগঠনটি নগর ভবনের সামনে অবৈধভাবে ট্রাক টার্মিনাল গড়ে তুলেছে। অভিযোগ আছে, এই টার্মিনালের মাধ্যমে প্রতিদিন অন্তত পাঁচ লাখ টাকা চাঁদা হাতিয়ে নিচ্ছে রাজনৈতিক মদদপুষ্ট একটি গোষ্ঠী।