ট্রাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ১০, আটক ৬
দেশের অন্যতম বৃহৎ পাইকারি ব্যবসাকেন্দ্র হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ট্রাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের লাঠিপেটায় ১০ জন ট্রাকচালক আহত হয়েছেন।
ট্রাকশ্রমিকদের নিক্ষেপ করা ইট-পাটকেলে পুলিশের একটি রেকার ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জন ট্রাকচালককে আটক করেছে।
ঘটনার পর থেকে পাইকারি ওই ব্যবসাকেন্দ্রে সব ধরনের মালামাল ওঠানো-নামানো বন্ধ রয়েছে। ক্ষুব্ধ ট্রাকচালকেরা বিক্ষোভ মিছিল নিয়ে ঘটনার প্রতিকার চাইতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের শরণাপন্ন হলে তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন। গতকাল বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিতাইগঞ্জ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।
ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মানিক অভিযোগ করে বলেন, ‘আমরা নিতাইগঞ্জে ইচ্ছে করে ট্রাক রাখি না। নিতাইগঞ্জের ব্যবসায়ীদের ডিমান্ড অনুযায়ী মাল লোড ও আনলোড করতেই আমাদের নিতাইগঞ্জে আসতে হয়। গত শবে বরাতের পর থেকেই পুলিশ অকারণে ট্রাকে রেকার লাগিয়ে রিসিটের মাধ্যমে জরিমানা হিসেবে পাঁচ হাজার টাকা করে আদায় করছে। আবার কখনো কখনো রিসিট ছাড়াই দুই থেকে তিন হাজার টাকা করে নিচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে পুলিশ রেকার লাগিয়ে একটি ট্রাক নিয়ে যেতে চাইলে চালক ও শ্রমিকেরা তাতে বাধা দেন। এ সময় পুলিশ বেধড়ক লাঠিপেটা করে ইয়াকুব, জামাল ও খোরশেদ আলম নামের তিন ট্রাকচালকের মাথা ফাটিয়ে দেয়।
এ খবর ছড়িয়ে পড়লে ট্রাকচালক ও শ্রমিকেরা পুলিশকে ধাওয়া করেন। তখন উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সংঘর্ষে আরও সাতজন ট্রাকচালক আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকশ্রমিক বিল্লাল হোসেন, আল আমীন, অপু, হৃদয়, বিল্লাল ও আলম মণ্ডলকে আটক করে নিয়ে গেছে।
এদিকে ওই সংঘর্ষের পর ট্রাকশ্রমিকেরা মিছিল নিয়ে ঘটনার প্রতিকার চাইতে সাংসদ শামীম ওসমানের কাছে যান। তখন
তিনি সমস্যাটি নিয়ে পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলবেন বলে জানিয়ে শ্রমিকদের বিদায় দেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, নিতাইগঞ্জে রাস্তার পাশে ট্রাক পার্কিং নিষিদ্ধ। এর পরও যাঁরা সেখানে ট্রাক পার্কিং করেন, তাঁদের ট্রাক রেকার লাগিয়ে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার পার্ক করে
রাখা ট্রাক রেকার লাগিয়ে নিয়ে আসার সময় ট্রাকশ্রমিকেরা পুলিশের ওপর চড়াও হন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জন ট্রাকশ্রমিককে আটক করেছে।