
রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কসংলগ্ন সেতুর জায়গা দখল করে চলছে ট্রাকস্ট্যান্ড ও পোশাকের ভাসমান বাজার। প্রতিনিয়ত এই সেতুর ওপর যানবাহন আটকে গিয়ে যানজটের সৃষ্টি হয়। এতে নাকাল হচ্ছেন এলাকাবাসী।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, রাজধানী উত্তরার ১০ এবং ১১ নম্বর সেক্টরের ১ নম্বর এবং ১২ নম্বর সড়কের মধ্যবর্তী সংযোগ সেতুর ওপরে এক পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে আট-দশটি মালবাহী ট্রাক। অন্য পাশে ভ্যানের মধ্যে বিক্রি হচ্ছে পোশাক, ফুচকা ও লেবুর শরবত। এসব করা হচ্ছে সেতুর প্রায় ৬০ শতাংশ স্থানজুড়ে। ফলে বাকি ৪০ শতাংশ দিয়ে জায়গা গিয়ে একসঙ্গে একটি প্রাইভেট কার এবং রিকশা পারাপারেও আটকে যাচ্ছে যানবাহনগুলো।
সেতু-সংলগ্ন সরকার মার্কেটের এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, বিদ্যালয় ছুটি হওয়ার সময় সবচেয়ে বেশি যানজটের সৃষ্টি হয়। কখনো সেই যানজট দুই-আড়াই ঘণ্টা পর্যন্ত গড়ায়। আগে এখানে এত পোশাকের দোকান ছিল না, শুধু ট্রাকস্ট্যান্ড ও কয়েকটি খাবারের দোকান ছিল। মাস কয়েক ধরে এখানে ভ্যানে করে পোশাক বিক্রি শুরু হয়েছে।
দেখা গেল, ভ্যানে করে বিক্রি করা হচ্ছে গেঞ্জি, শার্ট, প্যান্টসহ বিভিন্ন ধরনের পোশাক। সেতুর ওপর কীভাবে দোকান দিচ্ছেন জানতে চাইলে একজন বিক্রেতা বললেন, প্রতিদিন টহল পুলিশকে ১০০ থেকে ১৫০ টাকা দিতে হয়, না দিলে উঠিয়ে দেয়, ব্যবসা করতে দেয় না।
সেতুর অপর পাশে গড়ে ওঠা ট্রাকস্ট্যান্ডে-সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। অন্যদিকে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে ফুচকার দোকানিরা সেতুর ওপরেই পেতে দিলেন গোটা দশেক চেয়ার। সেতু নাকি কোনো রেস্টুরেন্ট বোঝাই যাচ্ছিল না। মানুষ বসে গেল সেই চেয়ারগুলোতে, আবারও তৈরি হলো জট।