
ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করার সময়ও বই সঙ্গে রাখতেন বিএ প্রথম বর্ষের ছাত্র ইমরান হোসেন (২১)। সময় পেলে পড়তেন। স্বপ্ন দেখতেন, পড়াশোনা শেষে চাকরি করে মা-বাবার কষ্টের সংসারের হাল ধরবেন। এমন আত্মপ্রত্যয়ী তরুণ ইমরানকে হরতাল-অবরোধের নৃশংস পেট্রলবোমার শিকার হতে হলো।
পানবোঝাই ট্রাকে চালকের সহকারী হিসেবে দিনাজপুর যাচ্ছিলেন ইমরান। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে পথে বগুড়ায় সেই ট্রাকে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে নিহত হন ইমরানসহ দুজন।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ডিএম কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ইমরানের বাড়ি একই উপজেলার শ্রীরামপুর গ্রামে। গতকাল বেলা একটার দিকে স্বজনেরা খবর পান, পেট্রলবোমা কেড়ে নিয়েছে ইমরানের প্রাণ। শুরু হয় মাতম। বেলা দুইটার দিকে ইমরানদের বাড়ি গিয়ে দেখা যায়, স্বজনদের মধ্যে মাতম চলছে। ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না মা জহুরা বেগম। তাঁকে সান্ত্বনা দিতে পারছেন না কেউ। মাঝে মাঝে চেতনা হারিয়ে ফেলছেন তিনি। ইমরানের এমন মৃত্যুতে শোকাহত পুরো গ্রাম।
ছেলে হারানোর শোকে বিহ্বল বাবা আইয়ুব হোসেন জানালেন, ১৫ থেকে ১৬ বছর আগে ট্রাক চালাতে গিয়ে দুর্ঘটনায় তাঁর দুই হাত ভেঙে যায়। হাতে আগের মতো শক্তি পান না বলে ঠিকমতো গাড়ি চালাতে কষ্ট হয় তাঁর। ছয় সন্তান আর স্ত্রী নিয়ে সংসার। অভাবের কারণে বড় দুই সন্তান রকি হোসেন ও ইমরান পড়ালেখার পাশাপাশি ট্রাকে চালকের সহকারী হিসেবে কাজ শুরু করেন। বাবা আরও জানালেন, ইমরান ট্রাকে কাজ করতে যান বই সঙ্গে নিয়ে। যখনই সময় পান, বই পড়েন। এভাবে কষ্ট করে পড়ালেখা করছিলেন। তাঁর আশা ছিল, উচ্চশিক্ষা নিয়ে সরকারি চাকরি করবেন। সংসারের অভাব দূর হবে।
ছোট ভাইয়ের লাশ নিতে বগুড়া গেছেন ভাই রকি। মুঠোফোনে কথা বলার সময় কেঁদে ফেললেন তিনি। জানালেন, ইমরানের এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভাই হত্যার বিচার দাবি করলেন তিনি।
ইমরানদের প্রতিবেশী রেজাউল করিম জানান, ইমরান ভদ্র ও সৎ ছিলেন। তাঁর এমন মৃত্যুতে পরিবারের পাশাপাশি এলাকার মানুষকেও কাঁদাচ্ছে। চলমান রাজনীতিই প্রাণ কেড়ে নিল ছেলেটির।