ট্রাকের তেলের ট্যাংকে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে একটি ট্রাকের তেলের ট্যাংকে করে ইয়াবা বড়ি পাচারকালে চালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটিও জব্দ করা হয়েছে। ট্যাংকের ভেতরে পলিথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় পাঁচ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
গতকাল শুক্রবার সকালে নগরের চান্দগাঁও এককিলোমিটার এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে ট্রাকটিতে তল্লাশি চালায় পুলিশ। গ্রেপ্তার করা দুজন হলেন ট্রাকচালক মো. শাহজাহান ও সহকারী মো. রমজান আলী।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে ট্রাকের চালক ও সহকারী স্বীকার করেন যে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতেই অভিনব এ কৌশল বেছে নেন তাঁরা। দুজনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।