ট্রাকের ধাক্কায় শিল্পপতি তাজুল ইসলাম নিহত
হবিগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন শিল্পপতি কাজী তাজুল ইসলাম ফারুক (৬০)। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তাঁর গাড়ি এ দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার পর প্রায় চার ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় যান চলাচল বন্ধ থাকে।
তাজুল ইসলামের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর গ্রামে। তিনি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়েস্টমন্টের সাবেক চেয়ারম্যান। ২০০৭ সালে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করে আলোচনায় আসেন তিনি। ২০১০ সালের ৩০ মে হাইকোর্টের একটি বেঞ্চ ওই মামলা খারিজ করে দেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, তাজুল ইসলাম গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রাম থেকে নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে নুরপুরের গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুরে সকাল সাতটার দিকে বেপরোয়া গতিতে চলা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাজুলকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে ঢাকা পাঠানোর পথে সকাল আটটার দিকে কিশোরগঞ্জের ভৈরবে মারা যান তিনি।
এদিকে এই শিল্পপতির মৃত্যুর সংবাদ পৌঁছালে নুরপুর এলাকায় মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এ সময় সড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় চার ঘণ্টা পর দুপুর ১২টার দিকে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসী।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাজুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন। সপ্তাহ খানেক আগে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন তিনি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বলেন, ট্রাকটি আটক করা যায়নি। তবে এ ঘটনায় মামলা হয়েছে।