ট্রাক্টরের চাপায় শিশুকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে চালকের কথা না শোনায় গতকাল সোমবার এক শিশুকে ট্রাক্টর থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে চালক বলেছেন, রাস্তা পারাপারের সময় শিশুটি ট্রাক্টরের চাপায় প্রাণ হারিয়েছে।

শিশুটির নাম রাহুল মিয়া (৮)। সে পইল গ্রামের শহীদুল ইসলামের ছেলে এবং পইল শাহজালাল প্রি-ক্যাডেট স্কুলের নার্সারি শ্রেণির ছাত্র ছিল।

শহীদুল ইসলাম বলেন, তাঁর ছেলে রাহুল গতকাল দুপুরে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে একই গ্রামের সাজিদ মিয়ার (৩১) ট্রাক্টরে ওঠে। এ সময় রাহুলকে নামতে বলেন সাজিদ। এ কথা না শোনায় রাহুলকে গাড়ির ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন সাজিদ। এতে ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই রাহুল মারা যায়।

তবে ট্রাক্টরচালক সাজিদ মিয়া বলেন, শিশুটিকে হত্যার অভিযোগ মিথ্যা। রাস্তা পারাপারের সময় সে ট্রাক্টরের চাপায় মারা গেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মানিকুল ইসলাম বলেন, ট্রাক্টরের চাপায় শিশু মারা যাওয়ার খবর তাঁরা পেয়েছেন। তবে এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।