ট্রান্সফরমার সরবরাহে অর্থ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার সরবরাহে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। ‘পার্থক্য মূল্যের’ নাম করে ওই টাকা নেওয়া হয়। যদিও ট্রান্সফরমারগুলো বিনা মূল্যে সরবরাহ করার কথা।
বদরগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে (পবিস) জানা গেছে, গত ২ এপ্রিল থেকে বদরগঞ্জ উপজেলায় নতুন গ্রাহকদের (আবাসিক ও বাণিজ্যিক) বিদ্যুৎ-সংযোগ দেওয়া শুরু হয়। গ্রাহকেরা সংযোগ নিতে স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ে ভিড় করেন। এ সুযোগে পল্লী বিদ্যুতের বদরগঞ্জ এলাকার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শওকত হোসেন যেসব এলাকার ট্রান্সফরমারের লোড (ধারণক্ষমতা) কম, সেগুলো পরিবর্তনের জন্য গ্রাহকদের কাছ থেকে পার্থক্য মূল্য নেন। এরপর বেশি লোডের ট্রান্সফরমার সরবরাহ করে নতুন সংযোগ দেন। বেশি লোডের ট্রান্সফরমার কিনতে আগের ট্রান্সফরমারের চেয়ে যে অতিরিক্ত ব্যয় হয়, সেটাই পার্থক্য মূল্য।
সূত্র জানায়, শুধু গত জুলাই মাসেই স্থানীয় গ্রাহকদের কাছ থেকে পার্থক্য মূল্য নিয়ে ৫৬টি ট্রান্সফরমার সরবরাহ করা হয়েছে। এর মধ্যে প্রতিটি ১০ কেভিএ ট্রান্সফরমারের মূল্য নেওয়া হয়েছে ৫৩ হাজার টাকা। আর ১৫ কেভিএর জন্য ৬৯ হাজার, ২৫ কেভিএর জন্য ৯৭ হাজার ও ৩৭ দশমিক ৫ কেভিএর জন্য ১ লাখ ৩০ হাজার টাকা করে নেওয়া হয়েছে।
দক্ষিণ মোকসেদপুর খিয়ারডাঙ্গা গ্রামের শিক্ষক মোকছেদ আলী বলেন, তিনি নতুন সংযোগের জন্য ওই কার্যালয়ে গেলে ডিজিএম শওকত হোসেন তাঁকে বলেন, তাঁর এলাকার ট্রান্সফরমারটি ১৫ কেভিএর। নতুন সংযোগের জন্য ৩৭ দশমিক ৫ কেভিএর ট্রান্সফরমার কিনে লাগাতে হবে। এরপর বাধ্য হয়ে তিনি ১৪ জুলাই ওই ট্রান্সফরমারের পার্থক্য মূল্য বাবদ ৬১ হাজার টাকা রসিদমূলে বিদ্যুৎ কার্যালয়ে জমা দেন। তবে এখনো ট্রান্সফরমার দেওয়া হয়নি।
আমরুলবাড়ি আসমতপাড়া গ্রামের আবদুস সালাম বলেন, ‘লোড না থাকায় ২৫ কেভিএর পরিবর্তে ৩৭ দশমিক ৫ কেভিএ ট্রান্সফরমার কেনার জন্য আমি গত ৯ আগস্ট স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ে ৩৩ হাজার টাকা জমা দিয়েছি। এখনো ট্রান্সফরমার পাইনি।’ বদরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোকছেদুল হক বলেন, ‘গত ঈদের সময় আমার ওয়ার্ডে লোড বৃদ্ধির নামে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে একাধিক নতুন ট্রান্সফরমার লাগানো হয়েছে।’
বিদ্যুৎ কার্যালয়ে টাকা জমা দিয়ে পুরোনো ট্রান্সফরমার বদল করে নতুন ট্রান্সফরমার নিয়ে চলতি মাসে সংযোগ পেয়েছেন গোপালপুর গ্রামের আবদুল আলীম, আনোয়ার হোসেন, লালদিঘী দিঘলপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নাসিম, বোর্ডেরহাট সরকারপাড়া গ্রামের ওহিদুল ইসলামসহ অনেকে।
আবদুল আলীম বলেন, ‘বিনা মূল্যে ট্রান্সফরমার পাওয়ার আশায় বিদ্যুৎ কার্যালয়ে অনেক ঘুরেছি। শেষ পর্যন্ত গরু, ছাগল, ধান বিক্রি করে সেই টাকা দিয়ে ট্রান্সফরমার কেনার পর সংযোগ পেয়েছি।’
ডিজিএম শওকত হোসেন বলেন, ‘মহাব্যবস্থাপকের নির্দেশে গ্রাহকদের কাছ থেকে আমরা টাকা জমা নিয়ে ট্রান্সফরমার লাগাচ্ছি। কিন্তু নিয়ম আছে কি না, সেটা তিনি (মহাব্যবস্থাপক) জানেন।’
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক (জিএম) সোহ্রাব হোসেন সম্প্রতি মুঠোফোনে বলেন, ‘রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লোকসানে আছে। তাই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে আমি গ্রাহকদের কাছ থেকে টাকা জমা নিয়ে ট্রান্সফরমার দিচ্ছিলাম। এই ট্রান্সফরমারগুলো আমিও প্রকল্পের টাকায় কিনেছি। এতে গ্রাহকেরা দ্রুত সংযোগ পাচ্ছেন। তবে এটা সরকারি সিদ্ধান্ত নয়। আপনারা না চাইলে আমি তা বন্ধ করে দেব।’
জানতে চাইলে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন ১৬ আগস্ট প্রথম আলোকে বলেন, ‘গ্রাহকেরা বৈদ্যুতিক ট্রান্সফরমার কিনবে কেন। এ রকম কোনো নিয়ম নেই। আমরা গ্রাহকদের বিনা মূল্যে ট্রান্সফরমার দেব। কোনো কর্মকর্তা গ্রাহকদের কাছ থেকে পার্থক্য মূল্য নিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার সরবরাহ করেছেন—এমন প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’