ট্রান্সফরমারের নিচে দোকান নির্মাণ!

নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কের পাশে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হয়েছে। সমবায় নিউমার্কেটের পাশে বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে মার্কেট কর্তৃপক্ষ এই দোকানঘর নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সমবায় মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের একটি প্রকল্প সমবায় নিউমার্কেট। পাঁচতলা মার্কেটটিতে তিন শতাধিক দোকান রয়েছে।
সমবায় নিউমার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি খাজা এবায়দুল হক ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ গত ২৪ জুলাই নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপককে লিখিতভাবে জানান, গত ২২ জুলাই গভীর রাতে মার্কেটের উত্তরের গলির পশ্চিম দিকে মূল ভবনের বাইরে ও সিটি করপোরেশনের ফুটপাতের পাশে একটি দোকানঘরের নির্মাণকাজ শুরু করা হয়। পরদিন সকালের মধ্যে কাজ শেষ করা হয়। মার্কেটের নিজস্ব উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে দোকানটি নির্মাণ করা হয়েছে। ট্রান্সফরমারটির একটি খুঁটি দোকানঘরের মধ্যে নেওয়া হয়েছে। এতে যেকোনো সময় ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। মার্কেটের ভবনের মূল নকশার সঙ্গেও এটি সামঞ্জস্যপূর্ণ নয়।
ডিপিডিসির নারায়ণগঞ্জ (পূর্ব) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাঈনউদ্দিন বলেন, ট্রান্সফরমারের নিচে দোকানঘর নির্মাণ ঝুঁকিপূর্ণ। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আবুল কাশেমের মুঠোফোনে গতকাল রোববার একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।