ট্রাফিক পুলিশ রক্ত ঝরাল ভ্যানচালকের

খুলনায় ট্রাফিক পুলিশের আঘাতে আহত হয়েছেন এক ভ্যানচালক। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরের লোয়ার যশোর সড়কের সংগীতা হলের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আহত ভ্যানচালক খুলনা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
আহত ভ্যান চালকের নাম ওবায়দুল ইসলাম (২০)। তিনি নগরের রায়েরমহল এলাকার বাসিন্দা। তাঁকে আঘাত করেন সহকারী নগর উপপরিদর্শক (অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর) মনির হোসেন। ঘটনার পর তাঁকে খুলনা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত ভ্যানচালকের সঙ্গী রশিদ গাজী প্রথম আলোকে বলেন, রায়েরমহল এলাকা থেকে তিনি, ওবায়দুল ও সাগর তিনটি ব্যাটারিচালিত ভ্যানে চাল নিয়ে বড় বাজার এলাকার দিকে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে তাঁরা সংগীতা হলের কাছে পৌঁছালে ট্রাফিক পুলিশ মনির হোসেন তাঁদের গতিরোধ করে তিন হাজার টাকা দাবি করেন। তাঁরা তিনজন ওই পুলিশকে ১৫০ টাকা দিতে রাজি হলেও তিনি তা না নিয়ে ভ্যানের ব্যাটারির সংযোগ কেটে দিতে উদ্যত হয়। এ সময় ওবায়দুল পুলিশের পা জড়িয়ে ধরলে তাঁকে প্রথমে থাপ্পড় মারেন ওই ট্রাফিক পুলিশ। পরে ওই পুলিশ হাতে থাকা প্লায়ার্স দিয়ে ওবায়দুলের মাথায় আঘাত করেন। এতে ওবায়দুলের মাথা ফেটে রক্ত পড়তে থাকে। এ ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওই ট্রাফিক পুলিশকে ঘিরে রাখে। পরে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে তাঁকে উদ্ধার করেন।
ভ্যানচালক ওবায়দুল ইসলাম বলেন, পুলিশ মোটরসাইকেল চালিয়ে এসে আমাদের গতিরোধ করে প্রথমে তিন হাজার টাকা দাবি করেন। পরে আমরা আমাদের কাছে থাকা ১৫০ টাকা ওই পুলিশকে দিতে গেলে তিনি তা না নিয়ে আমাদের ভ্যানের ব্যাটারির সংযোগ কেটে দিতে চাইলে আমি তাঁর পা জড়িয়ে ধরি। একপর্যায়ে তিনি আমাকে লাথি মেরে সরিয়ে দেন ও কাছে থাকা প্লায়ার্স দিয়ে মাথায় আঘাত করেন। এতে আমার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। এ সময় স্থানীয় লোকজন নিয়ে আমাকে প্রাথমিক চিকিৎসা করায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। এ ঘটনায় সদর থানায় মামলা না করে লিখিত অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী সংগীতা হলের সামনের তিনজন দোকানদার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে ঘটনার একই রকম বর্ণনা দেন।
লিখিত অভিযোগের পাওয়ার সত্যতা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘যেহেতু এটা ট্রাফিক পুলিশের ব্যাপার, তাই অভিযোগটি ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠিয়ে দিয়েছি।’
এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মো. কলিমুল্লাহ বলেন, খুলনা নগরে ব্যাটারিচালিত ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ওই তিনজন ভ্যানচালক নগরের মধ্য দিয়ে ভ্যান নিয়ে যাচ্ছিলেন। শিববাড়ী এলাকায় ওই তিনজনকে থামতে সংকেত দেয় কর্তব্যরত ট্রাফিক পুলিশ। কিন্তু ওই ভ্যানচালকেরা সংকেত অমান্য করে দ্রুত বড় বাজারের দিকে যেতে থাকেন। এ সময় শিববাড়ী মোড়ে কর্তব্যরত অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর মনির হোসেন মোটরসাইকেল চালিয়ে ধাওয়া করে তাঁদের গতিরোধ করেন। ভ্যানচালকদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ওই ভ্যানচালককে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়েছে ও তাঁর চিকিৎসার খরচ বহন করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, পরিস্থিতি সামাল দিতে না পারার অভিযোগে মনির হোসেনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত করে ঘটনার সত্যতা মিললে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।