ট্রাফিক পুলিশকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে দায়িত্ব পালনের সময় আবদুল মান্নান নামের ট্রাফিক পুলিশের এক সদস্যকে ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে শহরের দড়াটানা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, ইজিবাইকের কয়েকজন চালক ট্রাফিক পুলিশের সদস্য মান্নানকে ছুরিকাঘাত করেছেন। তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ট্রাফিক সার্জেন্ট জাহিদুল ইসলাম বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। জিজ্ঞাসাবাদের জন্য ইজিবাইকের এক চালককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, বুধবার বিকেলে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়ে ইজিবাইকের জটলা নিয়ে কনস্টেবল মান্নানের সঙ্গে কয়েকজন চালকের কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে ইজিবাইকের এক চালক রাতে পেছন থেকে মান্নানের মাথা ও কানে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান।