ট্রাফিক পুলিশকে নিয়ে চম্পট ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজপত্র দেখার জন্য ট্রাক থামিয়েছিল ট্রাফিক পুলিশ। চালকের সহকারী দরজা খুলে পুলিশ সদস্যকে কাগজ দেখার জন্য ভেতরে আসতে বলেন। পুলিশ সদস্য গাড়িতে উঠলেই চালক গাড়ি টান দেন। পুলিশ সদস্য আটকা পড়েন গাড়িতে। গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রায় আধা ঘণ্টা পর গোদাগাড়ী উপজেলা এলাকায় ওই পুলিশ সদস্যকে নামিয়ে দিয়ে ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক ও তাঁর সহকারী।
ওই পুলিশ সদস্যের নাম সিদ্দিকুর রহমান। তিনি রাজশাহী মহানগর ট্রাফিক পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
ট্রাফিক পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল থেকে নগরের কাশিয়াডাঙ্গা মোড়ে ট্রাফিক পুলিশ গাড়ির কাগজপত্র যাচাই করছিল। বেলা সোয়া তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাককে সেখানে থামানো হয়। এ সময় চালকের সহকারী গাড়ির দরজা খুলে দিয়ে কাগজ দেখার জন্য পুলিশ সদস্যকে ভেতরে যেতে বলেন। তখন কনস্টেবল সিদ্দিক গাড়িতে উঠলে সঙ্গে সঙ্গে ট্রাকচালক গাড়ি ছেড়ে দেন।
সূত্রটি জানায়, এরপর কনস্টেবল সিদ্দিকের সঙ্গে যোগাযোগের জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বারবার কল করলেও তিনি ফোন ধরেননি। এ নিয়ে পুলিশে ব্যাপক তোলপাড় শুরু হয়। পরে মোটরসাইকেল নিয়ে ট্রাকটি ধাওয়া করলেও ধরা যায়নি। প্রায় আধা ঘণ্টা পর সিদ্দিককে গোদাগাড়ী এলাকায় নামিয়ে দিয়ে ট্রাকটি পালিয়ে যায়।
জানতে চাইলে মহানগর ট্রাফিক পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম বলেন, ট্রাকটি ধরার জন্য তাঁরা চারদিকে বার্তা পাঠিয়েছেন। কনস্টেবল সিদ্দিকের বরাত দিয়ে তিনি বলেন, কিছু দূর গিয়ে ট্রাকচালক সিদ্দিককে বলেন, ‘আপনি গাড়ি থেকে নেমে যান। গাড়ির কাগজ দেখানোর মতো আমাদের সময় নাই।’ সিদ্দিক একা ছিলেন। তাই বাধ্য হয়ে তিনি ট্রাক থেকে নেমে যান।
ঘটনাটি নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ।