ট্রাফিক পুলিশকে মারতে উদ্যত মেয়র, জিডি
গালিগালাজ ও লাঠি হাতে ট্রাফিক কনস্টেবলকে তাড়া করার অভিযোগ উঠেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় গত শনিবার রাতে পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র মো. আমজাদ হোসেনকে বহনকারী জিপটি আটকা পড়ে। এ সময় রাজশাহী থেকে সৈয়দপুরমুখী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করছিল। পাঁচমাথা মোড়ের রেলগেটটি বন্ধ থাকায় সেখানে যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকে পড়া মেয়রের গাড়ির চালকের সঙ্গে একজন ট্রাফিক কনস্টেবলের বচসা বাধে। একপর্যায়ে মেয়র গাড়ি থেকে নেমে ওই ট্রাফিক কনস্টেবলের হাতের লাঠি কেড়ে নিয়ে তাঁকে মারতে উদ্যত হন এবং তাড়া করেন। আশপাশের লোকজন ও দোকানদারেরা ট্রাফিক কনস্টেবলকে সরিয়ে নিলে উচ্চ স্বরে গালাগাল করতে থাকেন মেয়র।
ট্রাফিক পরিদর্শক (টিআই) ওয়াজনবী বলেন, মেয়রের রোষানলে পড়া ওই কনস্টেবলের নাম মো. জাহাঙ্গীর আলম। তিনি সহজ-সরল প্রকৃতির মানুষ।
সৈয়দপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এ এন এম সাজেদুর রহমান বলেন, ওই ঘটনায় শনিবার রাতেই থানায় জিডি হয়েছে।
এ ব্যাপারে মেয়র মো. আমজাদ হোসেন সরকারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেননি।