ট্রাফিক পুলিশকে মারধর, থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশাল থানা এলাকায় বাসের চালকসহ কয়েকজন দুই ট্রাফিক পুলিশকে মারধর ও পুলিশ বক্স ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়। আজ শনিবার বিকেলে বংশাল থানার পুলিশ অভিযোগ মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে বলে জানায়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, স্কাইলাইন পরিবহনের এক বাসের চালক বাবুলের বিরুদ্ধে মামলাটি করেছেন মারধরের শিকার পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের কনস্টেবল লিয়াকত। বাবুল পলাতক আছেন।
ট্রাফিক পুলিশ সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল লিয়াকত ও শরীফ। কিন্তু স্ট্যান্ডের সামনে সড়ক ঘেঁষে স্কাইলাইন পরিবহনের বাস পার্কিং করেন চালক বাবুল। পুলিশ তাঁকে বাস সরাতে বললে তিনি তাতে সাড়া দেননি। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে বাবুলসহ কয়েকজন দুই পুলিশ কনস্টেবলকে বেদম মারধর করেন এবং পুলিশ বক্সে ভাঙচুর করেন। এ ঘটনায় লিয়াকত বাদী হয়ে বাবুলের বিরুদ্ধে গত রাতে বংশাল থানায় একটি লিখিত অভিযোগ দেন। তবে অভিযোগটি মামলা হিসেবে লিপিবদ্ধ হয়েছে কিনা সে ব্যাপারে আজ শনিবার পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
পরে আজ বিকেলে যোগাযোগ করা হলে বংশাল থানার ওসি আবদুল কুদ্দুস দাবি করেন, রাতেই মামলা হিসেবে লিপিবদ্ধ হয়েছে। আসামিকে ধরার চেষ্টা চলছে।