ট্রাফিক সিগন্যালে ভয় দেখিয়ে টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটায় সন্ধ্যা ছয়টা। বাংলামোটর ট্রাফিক সিগন্যালে থেমে আছে কারওয়ান বাজারমুখী সব গাড়ি। হঠাৎ উৎকট গন্ধ লাগে নাকে। জটধরা চুল আর ছেঁড়া কাপড়ের টুকরা কোমরে জড়ানো কথিত ‘পাগল’-এর বেশধারী একজন সিএনজিচালিত অটোরিকশার পাশে এসে দাঁড়ালেন। হাতে ধরা স্বচ্ছ পলিথিন দেখিয়ে বললেন, ‘এক শ ট্যাকা দে, নাইলে শইল্যে গু দিয়া দিমু।’

ঢাকার রাস্তার ট্রাফিক সিগন্যালগুলোতে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন নগরবাসী। ‘পাগল’, ‘বেদে’ বা ‘হিজড়া’ পরিচয় নিয়ে অনেকে ভয় দেখিয়ে টাকা আদায় করছেন।

বাংলামোটর সিগন্যালে গায়ে বিষ্ঠা দেওয়ার ভয় দেখিয়ে চাঁদাবাজির ঘটনা ঘটছে মাস খানেকের বেশি সময় ধরে। এই প্রতিবেদকও হয়রানির শিকার। ঢাকার রাস্তার ট্রাফিক পরিস্থিতির সর্বশেষ তথ্য বিনিময়ের সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ ‘ট্রাফিক অ্যালার্ট’-এ গত ২৪ ফেব্রুয়ারি বাংলামোটর সিগন্যালে এই চাঁদাবাজি নিয়ে এক ব্যবহারকারী পোস্ট দেন। সেই পোস্টে ওই পথে যাতায়াতকারীরা অভিযোগ করেন, ট্রাফিক বিভাগের সদস্যরা বিষয়টি দেখেও দেখেন না।

বাংলামোটর সিগন্যালটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের দক্ষিণ বিভাগের রমনা জোনের অধীনে। এ বিষয়ে সহকারী কমিশনার (রমনা ট্রাফিক) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাংলামোটর সিগন্যালের এই ঘটনা তিনি জানেন না। খোঁজ নিয়ে দেখবেন। তিনি বলেন, তাঁর জানামতে রূপসী বাংলা সিগন্যালে হিজড়াদের তৎপরতা ছিল, যা নিয়ন্ত্রণ করা হয়েছে।

হিজড়া আর বেদেরাও ঢাকার বিভিন্ন সিগন্যালে চাঁদাবাজি করছে। গুলশানের বাসিন্দা মো. তৌফিক আলম বলেন, এ মাসের শুরুতে গুলশান ১ নম্বর সিগন্যালে তিনজন হিজড়ার একটি দল তাঁর গাড়ির ওপর চড়ে বসে টাকা দাবি করতে থাকে। তৌফিক বলেন, ‘ওদের একজন গাড়ির বনেটে বসে ৫০০ টাকা দাবি করে। ১০০ টাকা দিয়ে মুক্তি পাই। এসব দেখার তো কেউ নাই।’ 

ধানমন্ডি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে নিউমার্কেট সিগন্যালে বেদে নারীর বেশধারী কয়েকজন দ্বারা আক্রান্ত হয়েছিলেন শিক্ষার্থী নওরীন রহিম। নওরীন বলেন, তাঁরা এসে টাকা দাবি করলে তিনি চুপচাপ থকেন। একপর্যায়ে হাতে থাকা কাঠের বাক্স থেকে একজন সাপ বের করে ভয় দেখান।

এসব হয়রানির বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ‘বিষয়গুলো যখন আমাদের নজরে আসে তখন ব্যবস্থা নিই। সব সময় আইনের আওতায় আনা সম্ভব  হয় না।’ সিগন্যালে বা পথে এ ধরনের হয়রানির মুখে পড়লে নিকটস্থ থানা অথবা আশপাশের কোনো পুলিশ সদস্যকে জানানোর পরামর্শ দেন তিনি।