ট্রেন ছাড়তে রেলের কর্মচারীদের বাধা!
খোদ রেলওয়ের কর্মচারীদের বাধার কারণে সূচি অনুযায়ী চলতে পারেনি ট্রেন। ওয়েম্যান (রেললাইন সংস্কারের কাজ করেন) শাখার কর্মচারীরা রেললাইন অবরোধ করে রাখায় গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে আন্তনগর গোধূলী এক্সপ্রেস ট্রেন ৪০ মিনিট দেরিতে ছাড়ে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
বেলা তিনটায় ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাওয়ার আগে ইঞ্জিনের সামনে ও রেললাইনের ওপর অবস্থান নেন ওয়েম্যান শাখার শতাধিক কর্মচারী। এর আগে দুপুরে রেলের পে অ্যান্ড ক্যাশ শাখায় তাঁদের সঙ্গে রেলের নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে তাঁরা স্টেশনে রেললাইন অবরোধ করে ট্রেন চলতে বাধা দেন।
এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, রেলের কর্মী হয়ে রেল অবরোধ করে যাত্রীদের দুর্ভোগে ফেলা দুঃখজনক। রেলের যেসব কর্মী এ ঘটনায় জড়িত, তাঁদের অবশ্যই শাস্তি পেতে হবে। শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি বরদাশত করা হবে না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপককে (ডিআরএম) নির্দেশ দেওয়া হয়েছে।
অবরোধকারী ওয়েম্যানরা সদ্য নিয়োগ পাওয়া কর্মী বলে রেলের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। রেলের কর্মকর্তারা জানান, ওয়েম্যানসহ রেলের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাসের বিভিন্ন তারিখে বেতন দেওয়া হয়।
রেলওয়ে সূত্র জানায়, নগরের কদমতলী এলাকায় গতকাল রেলের পে অ্যান্ড ক্যাশ শাখায় বেতন তুলতে যান ওয়েম্যান শাখার কর্মী। সেখানে একজন ওয়েম্যান মোটরসাইকেল নিয়ে ঢুকতে চাইলে নিরাপত্তারক্ষী বাধা দেন। ওই এলাকাটি সংরক্ষিত এবং গাড়ি নিয়ে প্রবেশ নিষিদ্ধ। বাধা পেয়ে ওই ওয়েম্যান নিরাপত্তারক্ষীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং দুজনের মধ্যে হাতাহাতি হয়। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে ওয়েম্যানদের লাঠিপেটা করে সরিয়ে দেন নিরাপত্তাকর্মীরা।
রেলওয়ে সূত্র জানায়, নিরাপত্তাকর্মীদের লাঠিপেটার পর শতাধিক ওয়েম্যান সেখান থেকে ৩০০ মিটার দূরে চট্টগ্রাম স্টেশনে গিয়ে আন্তনগর গোধূলী ইঞ্জিনের সামনে রেললাইনে অবস্থান নেন। এ সময় রেলের বিভাগীয় ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। তাঁদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পর তাঁরা অবরোধ তুলে নেন। এরপর বেলা তিনটা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়।
চট্টগ্রামে রেলের বিভাগীয় ব্যবস্থাপক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তাকর্মীদের সঙ্গে ওয়েম্যান কর্মীদের কথা-কাটাকাটি হয়। এরপর অবাঞ্ছিত ঘটনা ঘটলে ওয়েম্যানরা রেললাইন অবরোধ করেন। আমি তাঁদের কথা আগে শুনি। তাঁদের শান্ত করে রেল চালানোর ব্যবস্থা করি।’ তিনি জানান, এ ঘটনায় বিভাগীয় কর্মকর্তা পর্যায়ের চারজনকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসে কমিটি প্রতিবেদন দেবে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, মোটরসাইকেলে চড়ে সংরক্ষিত এলাকায় যাওয়ার চেষ্টাকারী ওয়েম্যান ও অবরোধকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
পে অ্যান্ড ক্যাশ শাখার ব্যবস্থাপক মহিউদ্দিন প্রথম আলোকে জানান, সংরক্ষিত এলাকায় গাড়ি নিয়ে প্রবেশ নিষিদ্ধ। কিন্তু একজন ওয়েম্যান মোটরসাইকেলে চড়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে সমস্যা দেখা দেয়। পরে ওয়েম্যানরা দলবদ্ধভাবে স্টেশনে গিয়ে রেললাইন অবরোধ করেন, যা দুঃখজনক।