ট্রেন থেকে নবজাতকের বাক্সবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে অজ্ঞাতপরিচয় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে জামালপুর রেলওয়ে পুলিশ। দেওয়ানগঞ্জ রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ওই ট্রেনে একটি ওষুধের বাক্স থেকে গতকাল মঙ্গলবার পলিথিনে মোড়ানো লাশটি উদ্ধার করা হয়।
জামালপুর রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ৫৬ নং ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি গতকাল ভোরে দেওয়ানগঞ্জ স্টেশনে পৌঁছে। ট্রেন থেকে সব যাত্রী নেমে যাওয়ার পর দুজন নিরাপত্তাকর্মী একটি বগির সিটের নিচে ওষুধের একটি বাক্স দেখতে পান। কিন্তু এর মালিক না থাকায় স্টেশনমাস্টার রফিকুল ইসলামকে ডেকে আনা হয়। পরে তাঁর হস্তক্ষেপে রেলওয়ে পুলিশ বাক্সটি খুলে নবজাতকের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসাইন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।