ট্রেন থেকে পালিয়ে গেলেন হত্যা মামলার আসামি
পুলিশি পাহারায় ঢাকা থেকে ট্রেনে ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে হত্যা মামলার এক আসামি ডান্ডাবেড়ি পরা অবস্থায় লাফিয়ে পড়ে পালিয়ে গেছেন। গত সোমবার রাতে ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া ওই আসামির নাম ফারুক এলাহী ওরফে খোরশেদ (৪০)। তাঁর বাড়ি ত্রিশাল উপজেলায়। তাঁকে আদালতে হাজিরা দেওয়ানোর জন্য ঢাকা থেকে ময়মনসিংহে নিয়ে যাওয়া হচ্ছিল।
ময়মনসিংহ রেলওয়ে পুলিশ ও ত্রিশাল থানার পুলিশ সূত্রে জানা যায়, ফারুক এলাহী ঢাকার রেলওয়ে পুলিশের একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাজাভোগ করছেন। এ ছাড়া তিনি ত্রিশাল থানার অপর একটি হত্যা মামলার আসামি। হত্যা মামলাটি ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। ওই হত্যা মামলায় হাজিরা দিতে সোমবার রাতে ফারুক ও অপর একটি মাদক মামলার আসামি মো. শাহীনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আন্তনগর ট্রেনে পুলিশ ময়মনসিংহ কারাগারে নিয়ে যাচ্ছিল।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নায়েক শাহ আলমের নেতৃত্বে মোট চারজন পুলিশ ওই দুই আসামির পাহারার দায়িত্বে ছিলেন। পুলিশ ভ্যানের সংকট থাকায় আসামিদের ট্রেনে করে নেওয়া হচ্ছিল। রাত আনুমানিক সোয়া আটটার দিকে ট্রেনটি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশন পার হয়। এর কিছুক্ষণ পর জামতলা এলাকায় পৌঁছালে ফারুক এলাহী পুলিশের কাছে ট্রেনের শৌচাগারে যাওয়ার কথা বলেন। পরে কৌশলে তিনি শৌচাগারের পাশে যাত্রীদের নামার দরজা দিয়ে লাফিয়ে পড়ে পালিয়ে যান।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তা বলেন, ‘দুজন আসামির আসার কথা থাকলেও সোমবার রাতে শাহীন নামের একজনকে আমরা পেয়েছি। অপর আসামি পালিয়ে গেছে।’
ময়মনসিংহ রেলওয়ে পুলিশ সূত্রে আরও জানা যায়, গতকাল মঙ্গলবার পর্যন্ত ফারুক এলাহীকে খুঁজে পায়নি পুলিশ। এ ঘটনায় ডিএমপির নায়েক শাহ আলম বাদী হয়ে ময়মনসিংহ রেওলয়ে থানায় মামলা করেছেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান বলেন, ‘পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনো তাঁর কোনো সন্ধান আমরা পাইনি।’