ট্রেনটি আবার গেল মা-মেয়ের ওপর দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্যানিটি ব্যাগে পাওয়া টিকা কার্ড থেকে নেওয়া মা শ্যামলী বসাক ও মেয়ে পবিত্রা সেন মায়ার ছবি।
ভ্যানিটি ব্যাগে পাওয়া টিকা কার্ড থেকে নেওয়া মা শ্যামলী বসাক ও মেয়ে পবিত্রা সেন মায়ার ছবি।

পঞ্চগড়ে ট্রেনের নিচে মেয়েকে শুইয়ে দিয়ে মা আত্মহত্যা করেন। মা-মেয়ের সেই লাশ তখনো রেললাইনের ওপর ছিল। শত শত মানুষ লাশ দেখতে ঘটনাস্থলে জড়ো হয়েছিল। এরই মধ্যে এক ঘণ্টা কেটে যায়। পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আগের সেই ট্রেনটির এবার পার্বতীপুরে ফেরার পালা। স্থানীয় লোকজন ট্রেনটিকে থামানোর জন্য হাত ওপরে তুলে চিৎকার করতে থাকেন। কিন্তু ট্রেনটি থামেনি। চলে গেছে পড়ে থাকা মা-মেয়ের লাশের ওপর দিয়ে। এতে লাশ দুটি ছিন্নভিন্ন হয়ে যায়। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

নিহত মা-মেয়ে আটোয়ারী উপজেলার বারো আউলিয়া গ্রামের শ্যামলী বসাক (২২) ও তাঁর দুই বছরের শারীরিক প্রতিবন্ধী মেয়ে পবিত্রা সেন মায়া। শ্যামলীর বাবা অরুণ বসাকের ভাষ্য, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানান, ট্রেনটি ৫০০ গজ দূরে থাকতেই শত শত মানুষ হাত উঁচু করে চিৎকার করে থামতে বলে। কিন্তু চালকেরা বিকট হর্ন বাজিয়ে লাশ দুটির ওপর দিয়েই ট্রেনটি চালিয়ে দেন। এই এলাকার জামেদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে পঞ্চগড় রেলস্টেশনের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার। ট্রেনটি পঞ্চগড় যাওয়ার সময়ই আত্মহত্যার ঘটনাটি ঘটে। স্টেশন মাস্টার ও ওই ট্রেনের চালক ঘটনাটি জানেন। জেনেশুনে তাঁদের ট্রেন ছাড়া ঠিক হয়নি। তিনি বলেন, অনেকের ক্যামেরায় দৃশ্যটি ধারণ করা আছে। ঘটনাটি তদন্ত করে এই চালক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার হওয়া উচিত।

পঞ্চগড় রেলস্টেশনের মাস্টার বজলুর রহমান জানান, আত্মহত্যা ও রেল লাইনে পড়ে থাকা লাশের খবর তিনি জানেন না। এই ট্রেনটির গার্ড আবদুর রহিমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘লোকজন হাত উঁচিয়ে ট্রেনটি থামতে বলছিল। কিন্তু তাদের হাতে লাল পতাকা ছিল না। এরপরও তাৎক্ষণিকভাবে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে অফিসে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ আস্তে আস্তে ট্রেন চালিয়ে চলে আসতে বলে।’

স্টেশন সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে ছেড়ে আসা এই ট্রেনটি বেলা একটায় স্টেশনে পৌঁছায়। আবার দেড়টায় পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যায়।

নিহত শ্যামলী বসাকের বাবা অরুণ বসাকের বলেন, তিন বছর আগে ঠাকুরগাঁও জেলার রাজাগাঁও ইউনিয়নের রুহিয়া আসানপুর এলাকার প্রদীপ সেনের সঙ্গে শ্যামলীর বিয়ে হয়। বিয়ের এক বছর যেতে না যেতে নির্যাতনের শিকার হয়ে গর্ভাবস্থায় বাপের বাড়িতে ফিরে আসেন শ্যামলী। এরপর সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু শিশুটি প্রতিবন্ধী হওয়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে নিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা বিচারাধীন। সন্তানের চিকিৎসার জন্য প্রতি সপ্তাহে শ্যামলী জেলা শহরের প্রতিবন্ধী হাসপাতালে যান। আজও চিকিৎসার কথা বলেই বের হন।

রেললাইনের পাশে পড়ে থাকা শ্যামলী বসাকের ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতর রাখা পরিচয়পত্র ও সন্তানের টিকা কার্ড, মুঠোফোন পাওয়া গেছে। দুই বছর ধরে তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা পরিচালিত স্কুলে শিক্ষকতা করছিলেন।

প্রত্যক্ষদর্শী এলাকার রশিদুল ইসলাম (৪৪) বলেন, ‘আমরা কয়েকজন রেললাইনের ধারে বাঁশবাগানের ভেতর তাস খেলছিলাম। দুপুর সোয়া ১২টার দিকে ঠাকুরগাঁও থেকে ট্রেন আসছে। এমন সময় এক নারী কোলের এক শিশুকে রেললাইনের ওপর শুইয়ে দিয়ে নিজেও ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে তাঁদের ওপর দিয়ে ট্রেন চলে যায়। ঘটনাটি কোনো কিছু বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে যায়। আমাদের করার কিছুই ছিল না।’

অরুণ বসাক বলেন, পারিবারিক কলহের কারণেই তাঁর মেয়ে নাতনিকে নিয়ে আত্মহত্যা করেছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, স্বামীর ওপর রাগ তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। বিষয়টি জিআরপি পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন...