ট্রেনযাত্রীর চোখে কলম দিয়ে আঘাত
ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী একটি চলন্ত ট্রেনে বাগ্বিতণ্ডার জের ধরে টিটিই কলম দিয়ে এক যাত্রীর চোখে আঘাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে।
আহত ওই যাত্রীর নাম আবদুল হাকিম (৪০)। তিনি ফতুল্লার পাগলা এলাকায় অবস্থিত আকবর রোলিং মিলের শ্রমিক। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ওই টিটিই সোহেল মিয়া পালিয়ে গেছেন।
ট্রেনের যাত্রীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী চলন্ত ট্রেনে হাকিমের সঙ্গে টিকিট কাটা নিয়ে টিটিই সোহেল মিয়ার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সোহেল কলম দিয়ে হাকিমের ডান চোখে আঘাত করেন। এরপর ট্রেনটি পাগলা স্টেশনে থামলে সোহেল দৌড়ে পালিয়ে যান। ট্রেনের যাত্রীরা আবদুল হাকিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ব্যাপারে জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক কমিটির সভাপতি কাউসার আহম্মেদ পলাশ বলেন, এ ঘটনায় রেলওয়ের টিটিইদের প্রধান রোলিং মিলের ফোরম্যান আবদুল হাকিমের চোখের চিকিৎসার আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে সমঝোতা হয়েছে বলে শুনেছি।’