ট্রেনে কাটা পড়ে ছাত্রলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার খানপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। তবে পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে।
নিহত ওই নেতার নাম নূরন্নবী বকুল (২২)। তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন।
পাটগ্রাম রেলস্টেশনের ছয় কিলোমিটার উত্তরে পাটগ্রাম উপজেলার খানপাড়া গ্রাম। গতকাল শনিবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, লালমনিরহাট-বুড়িমারী লাইনের এক পাশে বাঁশঝাড়ের কাছে বিস্কুট ও সিগারেটের প্যাকেট পড়ে আছে। এর প্রায় চার-পাঁচ গজ দূরে বকুলের ছিন্নভিন্ন লাশ পড়ে আছে।
নিহত বকুলের চাচা আজিজুল হক জানান, গত শুক্রবার রাত আটটার দিকে বুড়িমারী স্থলবন্দর বাজারে বন্ধুদের সঙ্গে বকুলকে ঘোরাফেরা করতে দেখা গেছে। রাতে সে বাড়িতে ফিরেনি।
গতকাল সকালে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে আসেন এবং লাশ শনাক্ত করেন। তাঁদের দাবি, বকুলকে হত্যা করে ট্রেনের নিচে ফেলে দেওয়া হয়েছে।
বুড়িমারী স্থলবন্দরের স্টেশনমাস্টার নজরুল ইসলাম বলেন, ওই লাইনে রাতে তিনটি ট্রেন চলাচল করে। ফলে কোন ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
লালমনিরহাট রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, গতকাল দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত বিস্তারিত কোনো কিছু বলা সম্ভব নয়।