ট্রেনে কাটা পড়ে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সাজ্জাদ হোসাইন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত রোববার পুলিশ তার লাশ উদ্ধার করেছে। রেলওয়ে পুলিশ (জিআরপি) বলছে, মুঠোফোনে কথা বলার সময় তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ, কুপিয়ে হত্যার পর তার লাশ রেললাইনে ফেলে দেওয়া হয়েছে।
সাজ্জাদ কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও শহরের উকিলপাড়া এলাকার ব্যবসায়ী এনামুল হকের ছেলে।
সাজ্জাদের পরিবারের কয়েকজন সদস্য বলেন, গত রোববার সন্ধ্যার পর সাজ্জাদকে তার বন্ধু রাব্বি মুঠোফোনে ডেকে নেয়। পরে রাত সাড়ে আটটার দিকে শোলাকিয়া এলাকার আজিমউদ্দিন উচ্চবিদ্যালয়সংলগ্ন রেললাইনে তার লাশ পাওয়া যায়। রাতে পরিবারের লোকজন জিআরপি থানায় এসে তার লাশ শনাক্ত করে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ জিআরপি থানার ওসি সুভাষ কান্তি দাস বলেন, সাজ্জাদ হেডফোন দিয়ে মুঠোফোনে কথা বলার সময় ময়মনসিংহগামী লোকাল ট্রেনে কাটা পড়ে মারা যায়।