ট্রেনে টাকা আদায় স্টেশনে জরিমানা
রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনের ভেতরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কাছ থেকে রসিদ ছাড়াই টাকা আদায় করা হচ্ছে। আবার রাজশাহী স্টেশনে নামার পর টিকিট ছাড়া ট্রেনে ওঠায় জরিমানা হিসেবে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা।
গত সোমবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সারা দেশ থেকে শিক্ষার্থীরা রাজশাহীতে আসছেন। বাসে বা ট্রেনে টিকিট না পেয়ে অনেকেই টিকিট ছাড়াই ট্রেনে উঠে পড়ছেন।
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, ট্রেনের ভেতরে টিকিট কালেক্টর (টিসি) তাঁদের কাছে থেকে টাকা আদায় করছেন। এর জন্য তাঁদের কোনো রসিদ দেওয়া হচ্ছে না। আবার ট্রেন থেকে নামার পরে গেটে তাঁদের কাছ থেকে প্রায় ৩০০ টাকা ভাড়ার জায়গায় অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।
গত সোমবার রাত পৌনে ১০টার দিকে রেলস্টেশনে গিয়ে দেখা যায়, সকালে ঢাকা থেকে আসা আন্তনগর সিল্কসিটি ট্রেন থেকে যাত্রীরা নামছেন। টিকিট পরীক্ষক (টিটি) গেটে তাঁদের টিকিট আদায় করছেন। টিকিট নেই এমন যাত্রীদের ধরে স্টেশনের ১২ নম্বর কক্ষে ঢোকানো হচ্ছে। এ সময় একজন শিক্ষার্থী চিৎকার করে বলছেন, ‘আল্লাহর কসম, আমার কাছ থেকে ট্রেনের মধ্যে ২২০ টাকা নেওয়া হয়েছে।’ একইভাবে আরও ১০-১২ জন যাত্রীকে ওই কক্ষের ভেতরে ঢোকানো হয়। রকিব হোসেন নামের একজন যাত্রী চেঁচিয়ে বলেন, তাঁর কাছ থেকে ট্রেনের ভেতরে একবার ২৬০ টাকা নেওয়া হয়েছে। এখন আবার ৫০০ টাকা চাইছে। প্রতিবেদককে এ কথা বলার অভিযোগে সাদা অ্যাপ্রোন পরা ট্রেনের একজন কর্মকর্তা এসে তাঁকে ধরে নিয়ে যান। তাঁর দাবি, ওই যাত্রীর কাছ থেকে কোনো টাকা আদায় করা হয়নি।
ঘটনার সময় খোঁজ নিয়ে জানা যায়, আটক যাত্রীদের প্রায় সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। তাঁদের ধরে নিয়ে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দী করার চেষ্টা করা হলে একজন টিসি এতে বাধা দেন। একপর্যায়ে তাঁর পক্ষের আরও কয়েকজন লোক আসেন। তাঁরা বলেন, তাঁরা নিয়ম অনুযায়ী জরিমানা আদায় করছেন। ট্রেনের ভেতরে কে টাকা নিয়েছে তার কোনো প্রমাণ নেই।
স্টেশনে মাদারীপুরের শিবচরের বাসিন্দা জাকির হোসেন নামের একজন শিক্ষার্থীকে পাওয়া যায়। তিনি ঢাকা থেকে ট্রেনে উঠেছেন। তিনি বলেন, তিনি রাজশাহীর টিকিট চেয়েছেন, কিন্তু রাজশাহী পর্যন্ত আসার কোনো টিকিট ছিল না। পরদিন বিশ্ববিদ্যালয়ে তাঁর ভর্তি পরীক্ষা। স্টেশন থেকে তাঁকে বড়াল ব্রিজ পর্যন্ত টিকিট দেওয়া হয়। পরে তিনি বড়াল ব্রিজ থেকে রাজশাহী পর্যন্ত ভাড়া দিতে চেয়েছেন, কিন্তু তাঁর কাছ থেকে দ্বিগুণ টাকা আদায় করা হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মিহির কান্তি গুহু বলেন, তাঁদের কাছে কেউ লিখিত অভিযোগ করেননি। করলে তাঁরা তদন্ত করে ব্যবস্থা নেবেন। তবে আন্তনগর ট্রেনের ভেতরে আইনত কেউ টাকা আদায় করতে পারবেন না। যিনি নিয়েছেন, তিনি বেআইনি কাজ করেছেন।