ট্রেনে ডাকাতি, আটক ১
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত বুধবার গভীর রাতে ট্রেনে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে পাঁচ যাত্রী আহত হয়েছেন। যাত্রীরা রায়হান মিয়া নামের একজনকে আটক করেছে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
রেলওয়ে পুলিশ ও আহত যাত্রীদের সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রামগ্রামী ৩৮ নম্বর ডাউন মেইল ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলওয়ে স্টেশন ছেড়ে আসে। পরে সরিষাবাড়ী উপজেলার বারইপটল শহীদ নগর রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনের একটি বগিতে ডাকাতেরা হানা দেয়। যাত্রীদের মুঠোফোন, টাকাপয়সা ও সোনার গয়না লুটপাট শুরু করে। এ সময় বাধা দিলে পাঁচ যাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আহত যাত্রীরা হলেন নাছির উদ্দিন, তাঁর স্ত্রী শম্পা আক্তার, নূরে আলম, রিপন মিয়া ও সাথী বেগম। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে পালিয়ে যাওয়ার সময় রায়হান মিয়াকে (২৪) জাপটে ধরে কয়েক জন যাত্রী। রায়হানের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর গ্রামে। এ ঘটনায় মামলা হয়েছে।