ট্রেনে তরুণীকে উত্ত্যক্ত করায় দুই ছাত্রের জেল
ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনে এক তরুণীকে (২১) উত্ত্যক্ত করার দায়ে দুই ছাত্রকে ১৯ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমরকুমার পাল এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিত ব্যক্তিরা হলেন বিএ (সম্মান) শ্রেণির ছাত্র রাজশাহী নগরের খরবোনা এলাকার আসিফ ইকবাল (২৬) ও রাজশাহীর চারঘাট উপজেলার মমিনুল ইসলাম (২১)। ভুক্তভোগী তরুণী রাজশাহী রেলস্টেশন-সংলগ্ন এলাকার বাসিন্দা। ঈদের ছুটিতে ওই ট্রেনের একই বগিতে চেপে তিনি রাজশাহী ফিরছিলেন।
রাজশাহী রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসে পদ্মা এক্সপ্রেস ট্রেন। ট্রেনের ‘ঙ’ বগিতে ওই তরুণীর আসন ছিল। তাঁর আসনের পেছনেই একদল যুবক বসেন। যাত্রাপথে তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করেন ওই যুবকেরা। তাঁদের দুজন নেমে যান আব্দুলপুর ও ঈশ্বরদী স্টেশনে। বাকি দুজন আসেন রাজশাহীতে। তরুণী পথেই মুঠোফোনে ঘটনা জানিয়ে দেন স্বজনদের। তাঁরা রাজশাহী স্টেশনে ট্রেন পৌঁছানোর পর দুই যুবককে ধরে পুলিশে দেন।
রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্ত দুই যুবককে রাজশাহী স্টেশনে বসানো ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমরকুমার পাল প্রত্যেককে ১৯ দিন করে কারাদণ্ড দেন। আইনিপ্রক্রিয়া শেষে দণ্ডিত ব্যক্তিদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তিনি জানান, দুই যুবকের একজন একটি বিশ্ববিদ্যালয়ে ও অপরজন একটি কলেজে সম্মান শ্রেণিতে পড়েন বলে জানিয়েছেন।