ট্রেনে পাথর নিক্ষেপ যাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন এলাকায় গত শনিবার রাতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর ছুড়ে মারা হয়েছে। এতে এক যাত্রী আহত হয়েছেন।
আহতের নাম খোকন মিয়া (৪৫)। বাড়ি ময়মনসিংহের গৌরীপুর এলাকায়। তাঁর দুটি দাঁত ভেঙে গেছে।
পাশের আসনের মাহবুবুর রহমান ও রুবেল মিয়া বলেন, রাত ১০টার দিকে মাইজখাপন এলাকায় ট্রেনটি লক্ষ্য করে বাইরে থেকে কয়েকটি ঢিল ছুড়ে মারে দুর্বৃত্তরা। একটা পাথর খোকন মিয়ার মুখে লাগে। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বের হয়। অল্পের জন্য রক্ষা পায় তাঁর কোলে থাকা তিন বছরের মেয়ে। রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছলে খোকন মিয়াকে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর থুতনিতে ১৩টি সেলাই দেন।
খোকন মিয়া বলেন, ‘মেয়ের কিছু না হওয়ায় অনেকটা স্বস্তিবোধ করছি।’
ট্রেনের যাত্রী মাহবুবুর রহমান বলেন, এর আগেও কয়েকবার রাতে চলাচলের সময় মাইজখাপন ও নীলগঞ্জ এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা ছেলেরা ট্রেনে পাথর ছুড়ে মারে।