ট্রেনে পিস্তল ও গুলিসহ নারী আটক
রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন ধূমকেতু থেকে দুটি পিস্তল, ৫৭টি গুলি ও চারটি ম্যাগাজিনসহ এক নারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় তাঁকে আটক করা হয়।
ওই নারীর নাম আক্তারা বেগম জান্নাত (৩৫)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কর্ণখালি গ্রামে।
রাজশাহী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেনের ভাষ্য, ট্রেনটি রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী স্টেশন ছেড়ে যায়। ওই সময় খাওয়ার বগিতে জান্নাত লাফিয়ে ওঠেন। তাঁর কাছে কোনো টিকিট ছিল না। এতে পুলিশের সন্দেহ হয়। তাঁকে তল্লাশি করে তাঁর কাছ থেকে দুটি পিস্তল উদ্ধার করে পুলিশ। পিস্তলগুলোর একটিতে ইউএসএ ও আরেকটিতে মেড ইন জাপান লেখা ছিল। চারটি ম্যাগাজিনের মধ্যে দুটিতে ১৭টি গুলি ছিল। অন্য গুলিগুলো তাঁর ব্যাগে ছিল।
পুলিশের তথ্যমতে, আক্তারাকে ত্যাগ করেছেন স্বামী। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে।