ট্রেনে যাত্রীদের মারামারি, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা রেল স্টেশনে আজ শনিবার সন্ধ্যায় সাগরদাঁড়ি ট্রেনের যাত্রীদের দুই পক্ষের মধ্যে মারামারিতে চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আধঘণ্টা দেরিতে ট্রেনটি ওই স্টেশন থেকে ছেড়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, আজ দুপুরে একটি বেসরকারি মুঠোফোন প্রতিষ্ঠানের রাজশাহী প্রতিনিধিরা তাঁদের বার্ষিক বনভোজন শেষে খুলনা থেকে ওই ট্রেনটির একটি বগিতে ওঠেন। কিছু দূর যাওয়ার পর চুয়াডাঙ্গার দর্শনা থেকে তিন যাত্রীও ওই বগিতে ওঠেন। তখন নির্ধারিত আসনে বসা ও মালামাল রাখা নিয়ে প্রতিনিধিদের সঙ্গে তিনজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই তিন যাত্রীকে মারধর করা হয়। বিষয়টি ওই তিন যাত্রী তাঁদের পরিচিতদের ফোনে জানান। ট্রেনটি চুয়াডাঙ্গা রেল স্টেশনে গিয়ে থামে। তখন ওই তিন যাত্রীর পরিচিতরা ট্রেনের বগিতে ঢুকে প্রতিনিধিদের ওপর হামলা চালায়। তখন উভয় পক্ষে সংঘর্ষ হয়। এ সময় গোটা স্টেশন জুড়ে উত্তেজনা দেখা দেয়। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও জিআরপি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে মুঠোফোন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে থাকা চিকিৎসক রাজিবুল রাফি ও প্রতিনিধি মামুন অর রশিদ এবং চুয়াডাঙ্গার দর্শনার সবুজ হোসেন ও আবদুল হালিম আহত হন। তাঁদের মধ্যে সবুজ ও আবদুল হালিমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার বলেন, সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মারামারির কারণে ট্রেনটি সাতটা ১৫ মিনিটে ছাড়ে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুঠোফোন কোম্পানির দুই প্রতিনিধিকে থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।