ট্রেনের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার, কাটা পড়লেন তরুণ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে আন্তনগর নীলসাগর ট্রেনের ছাদ থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডেমু ট্রেনে কাটা পড়ে রামচন্দ্র রায় (২৬) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
সান্তাহার রেলওয়ে পুলিশ (জিআরপি) সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনে পৌঁছালে ওভারব্রিজ থেকে লোকজন লাশটি দেখতে পান। পরে গতকাল বুধবার তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। সান্তাহার জিআরপি থানার ওসি সাইদ ইকবাল জানান, নীলসাগর ট্রেনের ছাদে ভ্রমণকারী ওই যুবক কোনো সেতুর গার্ডারে আঘাত পেয়ে ছাদেই মারা গিয়ে থাকতে পারেন।
দিনাজপুর জিআরপি সূত্র জানায়, মঙ্গলবার রাতে পীরগঞ্জের ভোমরাদহ রেলস্টেশনের উত্তর আউটার সিগন্যালের কাছে বনবাড়ী এলাকায় ডেমু ট্রেনের নিচে কাটা পড়ে রামচন্দ্র মারা যান। তিনি পীরগঞ্জের রামদেবপুর নতুনহাট গ্রামের মোটাই রামের ছেলে।