ট্রেনের টিকিট কাটা নিয়ে সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে আজ শুক্রবার ট্রেনের টিকিট কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে সাতজন। সকাল সাড়ে নয়টার দিকে স্টেশনের প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ডহরশোলা গ্রামের জীবন হোসেন (২৮), রানা হোসেন (২৫) ও রানার মামা জুলমত হোসেন (২৬)। হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদারের ভাষ্য, টিকিট কালোবাজারিদের সঙ্গে স্থানীয় লোকদের সংঘর্ষ হয়েছে। তাঁর ভাষ্য, টিকিট কাউন্টারের সামনে ট্রেনের অগ্রিম টিকিট কাটা নিয়ে স্থানীয় ডহরশোলা গ্রামের চা-বিক্রেতা মোতালেব হোসেনের সঙ্গে ঈশ্বরদী লোকশেড এলাকার টিকিট কালোবাজারি আবদুর রাজ্জাক ও হাফিজুল ইসলাম এবং তাঁদের সহযোগীদের সংঘর্ষ হয়।

এ সময় আবদুর রাজ্জাক আহত হন। এ খবর পেয়ে আবদুর রাজ্জাকের সমর্থকেরা সকাল সাড়ে নয়টার দিকে চাইনিজ কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে স্টেশন এলাকায় হামলা চালায়। তারা মোতালেব হোসেনের ছেলে রানা হোসেন ও সেখানে উপস্থিত স্থানীয় লোকজনকে মারধর করে। এতে অন্তত ১০ জন আহত হন।

ওসি আবদুল হাই তালুকদার বলেন, ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ও লালপুর থানার পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিত্সক মোমিন উদ্দিন বলেন, নিহত ব্যক্তিদের একজন হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে মারা যান। অন্যজন চিকিত্সাধীন অবস্থায় মারা যান। ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে মাথা ফেটে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী লিটন হোসেন বলেন, টিকিট কাটার লাইনে দাঁড়ানো নিয়ে চা-বিক্রেতা মোতালেব হোসেনের ছেলে রানার সঙ্গে ধাক্কাধাক্কির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরে শহর থেকে কালোবাজারিরা এসে হামলা চালায়।

এ ব্যাপারে আবদুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে ওসি আবদুল হাই বলেন, ‘ঘটনাস্থলটি রেলওয়ে পুলিশের অধীন। আমরা তাঁদের কর্মকর্তার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।’