ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি হচ্ছে। স্টেশনমাস্টারের যোগসাজশে স্থানীয় কয়েকজন টিকিট কালোবাজারে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া স্টেশনমাস্টারের বিরুদ্ধে সঠিকভাবে দায়িত্ব পালন না করারও অভিযোগ পাওয়া গেছে। এ কারণে এই স্টেশনে এসে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
গত বৃহস্পতিবার বেলা দুইটায় নীলফামারী রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনমাস্টার ওবায়দুল ইসলামের কক্ষে বসে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করছেন পয়েন্টসম্যান মনসুর আলী। এ সময় মনসুর আলী বলেন, এখন স্টেশনমাস্টার ওবায়দুল ইসলামের (বড়বাবু) ডিউটি চলছে। কিন্তু গতকাল রাতে তিনি সৈয়দপুরে তাঁর বাসায় গেছেন। সকাল থেকে তাঁর সঙ্গে দায়িত্ব পালন করছেন অপর পয়েন্টসম্যান সাইদুর রহমান।
নীলসাগর ট্রেনের টিকিট সংগ্রহ করতে আসা আশিকুর রহমান অভিযোগ করেন, স্টেশনমাস্টার প্রায়ই স্টেশনে থাকেন না। মাস্টারের যোগসাজশে এখানকার কয়েকজন লোক কালোবাজারে টিকিট বিক্রি করেন। ৪৩০ টাকার টিকিট বিক্রি হয় ৬০০-৭০০ টাকায়।
টিকিট নিতে আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ফেরদৌস অভিযোগ করেন, ‘তিন দিন আগে এখানে এসে মাস্টারকে পাই নাই। আজকেও বলছে নাই। তাহলে স্টেশন চলবে কীভাবে।’
তিতুমীর এক্সপ্রেস রাজশাহী থেকে নীলফামারী স্টেশনে পৌঁছালে ওই ট্রেনে আসেন সহকারী স্টেশনমাস্টার (ছোটবাবু) মোকাদ্দেস হোসেন। তিনি বলেন, ‘নীলফামারীতে আমাদের ৩০টা আসন বরাদ্দ ছিল। গতকাল চিলাহাটি থেকে নীলসাগর এক্সপ্রেস চালু হওয়ার পর আমাদের ১০টি আসন তাদের দেওয়া হয়েছে।’ তিনি জানান, ওবায়দুল ইসলামের ডিউটি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। কিন্তু তিনি না আসায় তাঁকে আগে চলে আসতে হয়েছে।
গতকাল শনিবার নীলফামারী রেলস্টেশনের স্টেশনমাস্টার ওবায়দুল ইসলাম বলেন, ‘আগামী ৫ তারিখ পর্যন্ত নীলসাগর ট্রেনের টিকিট নেই, আগামীকাল সকালে ৬ তারিখের টিকিট দিব। একজন সর্বোচ্চ তিনটি টিকিট কিনতে পারবে। এখন কেউ যদি লাইনে দাঁড়িয়ে টিকিট কিনে কালোবাজারি করে সেটা দেখার দায়িত্ব আমার না।’