ট্রেনের টিকিট নিয়ে টালবাহানা
রাজশাহীতে ট্রেনের টিকিট নিয়ে বুকিং সহকারীরা টালবাহানা শুরু করেছেন। যাত্রার পাঁচ দিন আগে গিয়েও যাত্রীরা টিকিট না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার একজন নারী বুকিং সহকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভুক্তভোগী কয়েকজন জানান, যাত্রার তারিখের পাঁচ দিন আগে থেকে টিকিট বিক্রির নিয়ম করা হয়েছে। কিন্তু পাঁচ দিন আগে গিয়েও টিকিট পাওয়া যায় না। অভিযোগ রয়েছে, এই টিকিট কাউন্টারের একশ্রেণির অসাধু কর্মচারী শেষ সময়ে বেশি দামে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করে থাকেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান জানান, তাঁরা ১২ নভেম্বর ঢাকায় যাবেন। এ জন্য গত রোববার (৮ নভেম্বর) সকালে ট্রেনের টিকিটের জন্য সারি ধরে দাঁড়ান। তিনিই ছিলেন প্রথম। তিনি বলেন, তাঁরা একটি অনুষ্ঠানে যাবেন। তাঁদের সঙ্গে অনেক জিনিসপত্র থাকবে। এগুলো এমন আকারের যে ট্রেনের ভেতরে অন্য কোথাও রাখা যায় না। এ জন্য তাঁরা যেকোনো কোচের ৪২ থেকে ৫১ নম্বর আসনের টিকিট কিনতে চান। কারণ এই আসনগুলোর মাঝখানে জিনিসপত্র রাখার জায়গা থাকে। ১২ তারিখে যাওয়ার জন্য ৮ নভেম্বর সকাল থেকে টিকিট দেওয়ার নিয়ম। কিন্তু ওই দিন সকালে কাউন্টার থেকে জানিয়ে দেওয়া হয়, টিকিটগুলো বিক্রি হয়ে গেছে। মিজানুর রহমান জানান, তখন কোনো কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়নি। কোথায় কে টিকিট বিক্রি করলেন—জানতে চাইলে কাউন্টার থেকে বলা হয়, অনলাইনে বিক্রি হয়ে গেছে। এ কথা শুনে বাধ্য হয়ে তাঁরা অন্য আসনের টিকিট কিনে নেন। পরে তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন, ওই নম্বরের টিকিট অনলাইনেও বিক্রি হয়নি। এই নিয়ে কাউন্টারে তাঁরা হইচই শুরু করেন। পরে অন্য কাউন্টার থেকে ডেকে ৪২ থেকে ৫১ নম্বর আসনের টিকিটগুলো দেওয়া হয়। আগের কেনা টিকিটগুলো বাট্টায় ফেরতে নেওয়া হয়।
একইভাবে গতকাল ঢাকা থেকে ফেরার টিকিট কিনতে আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিদা নাহার ও রিপন ঘোষ। অনুষ্ঠানের সরঞ্জাম রাখার জন্য তাঁরাও সকালে প্রথম লাইনে দাঁড়িয়ে ৪২ থেকে ৫১ নম্বর আসনের টিকিটগুলো কিনতে চান। কাউন্টার থেকে তাঁদের আগের দিনের মতোই জানিয়ে দেওয়া হয়, টিকিট বিক্রি হয়ে গেছে। টিকিট নিয়ে কথা বলতে গেলে রীতিমতো কাউন্টার থেকে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। টিকিট না দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে উল্টো খারাপ আচরণের কথা শুনে বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষক আসেন। ওই নারী বুকিং সহকারী শিক্ষকের সঙ্গেও দুর্ব্যবহার করেন। ওই শিক্ষক বিষয়টি নিয়ে স্টেশন তত্ত্বাবধায়কের কাছে অভিযোগ করেন। স্টেশন তত্ত্বাবধায়ক সঙ্গে সঙ্গে ওই নারী বুকিং সহকারীকে ডেকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কাউন্টার থেকে অব্যাহতি দেন।
এ ব্যাপারে ওই নারী বুকিং সহকারীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে স্টেশন তত্ত্বাবধায়ক আমজাদ হোসেন বলেন, তিনি দুই পক্ষের কাছ থেকেই ঘটনা শুনেছেন। তবে শিক্ষকেরা যতটা বলছেন, ঘটনা অতটা হয়নি। তিনি একটা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। ওই নারী বুকিং সহকারীকে কাউন্টার থেকে কয়েক দিনের জন্য সরিয়ে দিয়েছেন।