ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পরীক্ষার্থীর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনের কাছে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে খাদিজা আক্তার (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। পুলিশ ও পরীক্ষার্থীর পরিবার তাঁর আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি।
খাদিজা আক্তার কসবা উপজেলার চারগাছ গ্রামের সেলিম হাজারীর মেয়ে। তিনি চারগাছ এন আই ভূইয়া ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিচ্ছিলেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
রেলস্টেশন, পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, খাদিজা গত বৃহস্পতিবারও ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা দিয়েছেন। গতকাল সকাল থেকেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কসবা রেলস্টেশনের দক্ষিণ পাশে একটি নার্সারির সামনে আসেন। সেখানে তিনি প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেন। বেলা দেড়টার দিকে মুঠোফোনে কল আসার পর সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস কসবা রেলস্টেশনের প্রবেশপথে ঢুকলে তিনি এর নিচে ঝাঁপ দেন। খবর পেয়ে বাবা সেলিম হাজারী ও তাঁর পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন। পরে আখাউড়া জিআরপি থানার পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
খাদিজার বাবা সেলিম হাজারী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘মেয়েটি বৃহস্পতিবারও ইংরেজি পরীক্ষা দিয়েছে। কেন সে আত্মহত্যা করল তা বলতে পারি না।’
কসবা রেলস্টেশনের স্টেশনমাস্টার লুৎফুর রহমান মোল্লা বলেন, মেয়েটির মুঠোফোন উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আখাউড়া জিআরপি থানার এএসআই আবদুর রহমান বলেন, মেয়েটির লাশ ছয় টুকরা হয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আখাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বলেন, ‘ মেয়েটি কেন আত্মহত্যা করল তা তদন্ত করে বের করা হবে।’