ট্রেনের নিয়ন্ত্রণ যখন বহিরাগতদের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে মহানগর প্রভাতী। ছবি: শরিফুল হাসান
চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে মহানগর প্রভাতী। ছবি: শরিফুল হাসান

ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছে মহানগর প্রভাতি। দুই হাজারের বেশি যাত্রী ট্রেনটিতে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশনের পর আচমকা থেমে গেল ট্রেন। টিকিট ছাড়াই ৪০০ থেকে ৫০০ ছেলে উঠল ট্রেনটিতে। কুমিল্লা পর্যন্ত যাওয়ার পথে আরও অন্তত পাঁচবার একইভাবে আচমকা থামল। এবার ওই ছেলেরা নামতে থাকল হুড়মুড় করে। বারবার এভাবে থামার কারণে যাত্রীরা দুর্ঘটনা ভেবে আতঙ্কিত হন। ট্রেনও হারাচ্ছিল গতি।

আজ সোমবার দুপুরে আখাউড়ার পর থেকে কুমিল্লা শহরের আগ পর্যন্ত এ ঘটনা ঘটে। প্রথম আলোর এই প্রতিবেদকসহ ওই ট্রেনের যাত্রীরা ঘটনার প্রত্যক্ষদর্শী।

ট্রেনের পরিচালকের (গার্ড) সঙ্গে কথা বলে জানা গেল, এই ছয়বারের একবারও রেলের চালকদের কেউ ট্রেন থামাননি। প্রতিবারই বহিরাগতরা ছাদের এয়ার ভ্যাকুয়াম বন্ধ করে এই ট্রেন থামিয়েছে। ফলে ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা পরে গন্তব্যে পৌঁছেছে।

ট্রেনের দায়িত্বে থাকা পুলিশ বলছে, মাত্র তিনজন জনবল নিয়ে তাঁদের কিছুই করার ছিল না। তব বিষয়টি রেলওয়ের চৌদ্দগ্রাম থানাসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

প্রভাতী ট্রেনে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে ছেড়ে এসে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ট্রেনটি স্বাভাবিকভাবে এসেছে। কিন্তু আখাউড়া স্টেশনে কিছুক্ষণ থেমে ট্রেনটি ছাড়ার পরপরই আচমকা ট্রেনটা থেমে যায়। এরপর হইহই আওয়াজ করে ট্রেনটিতে ওঠে কয়েক শ ছেলে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ, আন্তনগর ট্রেনে তো এভাবে যাত্রী ওঠার কথা নয়। বেশ কিছুক্ষণ পর ট্রেন আখাউড়া থেকে ছাড়লেও বারবার বিভিন্ন অচেনা জায়গায় বা গ্রামে ট্রেন থেমে যাচ্ছিল। এরপর ওই ছেলেরা হুড়মুড় করে নামতে থাকে। এ সময় যাত্রীদের কেউ কেউ জানালা দিয়ে প্রতিবাদ করার চেষ্টা করলে তারা পাল্টা ইট মারে। ভয়ে সবাই তখন জানালা বন্ধ করে দেন।

অনির্ধারিত স্থানে ট্রেন থামিয়ে নেমে যাচ্ছে ওরা। ছবি: শরিফুল হাসান
অনির্ধারিত স্থানে ট্রেন থামিয়ে নেমে যাচ্ছে ওরা। ছবি: শরিফুল হাসান

কী ঘটনা ঘটেছে, জানতে চাইলে ওই ট্রেনের দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আখাউড়ায় হঠাৎ করে ট্রেন থামিয়ে ৪০০ থেকে ৫০০ ছেলে উঠতে থাকে। আমরা তখন বাঁশি ফু দিয়ে ঠেকানোর চেষ্টা করি। কিন্তু থামানো সম্ভব হয়নি। এরপর আমরা ট্রেনের বিভিন্ন কামরায় গিয়ে টিকিট ছাড়া যাত্রী তল্লাশি করি। তারা বেশির ভাগই ছাদে ছিল। পরে তারা ইমামবাড়ি, নন্দবাগ, শশীদল, সদর রসুলপুর এবং কুমিল্লা স্টেশনের আগে আবার ট্রেন থামায় ও নেমে পড়ে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। এ কারণে ট্রেন নির্ধারিত সময়ে পৌঁছাতে পারে না।’

বহিরাগত এই যাত্রীরা কীভাবে ট্রেন থামায়, জানতে চাইলে মহানগর প্রভাতির দায়িত্বে থাকি পরিচালক (গার্ড) শ্যামল বড়ুয়া প্রথম আলোকে বলেন, ট্রেনের প্রতি দুটি বগির সংযোগস্থলে এয়ার ভ্যাকুয়াম যন্ত্র থাকে। ছাদের ওপর থেকে এ জায়গায় চাপ দিলে হঠাৎ করে বাতাস শূন্য হয়ে যায়। তখন প্রচণ্ড ধাক্কায় আচমকা ট্রেন থেমে যায়। বহিরাগত যাত্রীরা এভাবে ছয়বার ট্রেন থামিয়েছে। ফলে ট্রেন গতি হারাচ্ছিল। এ কারণে সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে আসা প্রভাতির বেলা ২টা ২০ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময় থেকে এক ঘণ্টা দেরিতে পৌঁছেছে।

ঢাকা-চট্টগ্রামে নিয়মিত যাতায়াত করা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বেলাল শিকদার প্রথম আলোকে বলেন, এটি এই রুটের নিয়মিত ঘটনা। এসব দেখে প্রশ্ন জাগে ট্রেনের নিয়ন্ত্রণ কী রেলওয়ের হাতে, নাকি বহিরাগত ব্যক্তিদের হাতে?