ট্রেনের শৌচাগার থেকে শিশু উদ্ধার, সৎবাবা আটক
রাজশাহীতে গতকাল রোববার পদ্মা আন্তনগর এক্সপ্রেস ট্রেনের শৌচাগার থেকে আমির হামজা (৬) নামের একটি শিশুকে উদ্ধার করেছে র্যাব। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে শিশুটির সৎবাবা রিপন আলীকে (৩৫) আটক করা হয়েছে।
রিপন আলীর বাড়ি পাবনার আটঘরিয়া উপজেলায়। আমির হামজা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আদমপুর গ্রামের জামিলুর রহমানের ছেলে। তার মায়ের নাম রেশমী খাতুন। শিশুটি ভোলাহাটে তার মায়ের সঙ্গে থাকত। র্যাব-৫-এর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার কে বি এম মোবাশ্বের রহিম জানান, শিশুটির মায়ের সঙ্গে রিপন আলীর বছর খানেক আগে বিয়ে হয়েছিল। তবে ভরণপোষণ করতেন না। রেশমী খাতুন তাঁর বাচ্চাকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের আদমপুর গ্রামে থাকেন। কয়েক দিন আগে রিপন আলী স্ত্রী রেশমী খাতুনকে ফোন করে জানান, তিনি তাঁর সঙ্গে থাকবেন। গত শুক্রবার রিপন আলী ভোলাহাটে যান। পরদিন শনিবার রেশমী খাতুন বাড়ির বাইরে গেলে রিপন মিয়া বাচ্চাটিকে নিয়ে চলে আসেন। পরে তিনি মুঠোফোনে ৫০ হাজার টাকা দাবি করেন। রেশমী বেগমের অভিযোগ পেয়ে অভিযানে নামে র্যাব। গতকাল রিপন আলী ঢাকাগামী পদ্মা আন্তনগর এক্সপ্রেস ট্রেনে ওঠেন। বিকেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি বাচ্চাটিকে নিয়ে শৌচাগারে ঢোকেন। এ সময় র্যাব সদস্যরা দরজা ভেঙে রিপন মিয়াকে আটক করেন এবং বাচ্চাটিকে উদ্ধার করেন।
মোবাশ্বের রহিম গতকাল সন্ধ্যায় জানান, এ ঘটনায় ভোলাহাট থানায় মামলা হয়েছে। রিপনকে সেখানে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাচ্চাটিকে তার মায়ের কাছে পাঠানো হয়েছে।