টয়লেটে গোপনে রোগীর ভিডিও ধারণ করার অভিযোগে গ্রেপ্তার ১
গোপনে নিজের মুঠোফোনে টয়লেটে এক নারীর ভিডিও ধারণ করার অভিযোগে ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তির নাম হাসিবুর রহমান। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর থানার মনোহরপুর গ্রামে। তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তিন বছর ধরে টেলিফোন অপারেটরের কাজ করে আসছেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী ধানমন্ডি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে হাসিবুর রহমানকে আসামি করে মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বলেন, খায়রুলের মুঠোফোনে ওই টয়লেটের একটি ভিডিও চিত্র পাওয়া গেছে। প্রাথমিকভাবে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন। তিন দিনের রিমান্ডের আবেদন করে তাঁকে গতকালই আদালতে পাঠানো হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ধানমন্ডি থানা-পুলিশ ও ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ভুক্তভোগী ওই নারী তাঁর মা ও বোনকে সঙ্গে নিয়ে সকাল সাতটার দিকে নিকুঞ্জ থেকে ধানমন্ডির পপুলারে এক মহিলা স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসেন। চিকিৎসকের পরামর্শে তিনি রক্ত পরীক্ষা করান। এরপর মূত্র পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে তৃতীয় তলার একটি টয়লেটে যান। কিছুক্ষণ পর তিনি চিৎকার দিয়ে বেরিয়ে আসেন।
পপুলারের কাস্টমার সার্ভিস শাখার সহকারী ব্যবস্থাপক বিপ্লব কুমার সিংহ প্রথম আলোকে বলেন, ওই নারী যে টয়লেটে গিয়েছিলেন, তার পাশের টয়লেটেই ঢোকেন হাসিবুর। সেখান থেকেই তিনি বিশেষ কৌশলে নারীটি যে টয়লেটে ছিলেন সেই টয়লেটের ভিডিও ধারণ করছিলেন। কিন্তু ওই নারী হাসিবুরের হাত দেখে ফেলেন। তিনি টয়লেট থেকে বেরিয়ে এসে সরাসরি হাসিবুরকে জিজ্ঞাসা করেন। বাক্বিতণ্ডা শুনে ওই নারীর মা-বোন এবং হাসপাতালের অন্য কর্মচারীরাও এগিয়ে যান। সবাই মিলে হাসিবুরকে চড়-থাপ্পড় দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
পপুলারের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক অচিন্ত্য কুমার নাগ বলেন, ঘটনার পরপরই হাসিবুরকে চাকরিচ্যুত করা হয়েছে।
গতকাল দুপুরে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায়, তৃতীয় তলার ওই টয়লেটে নারী ও পুরুষ সবাই যেতে পারেন। মূলত একটি কক্ষে প্লাস্টিকের দরজা এবং বিভাজক দিয়ে খোপ খোপ করে টয়লেটগুলো বানানো হয়েছে। প্রতিটি টয়লেটেরই নিচে এবং ওপরে বেশ খানিকটা ফাঁকা রয়েছে। হাসিবুর পাশের টয়লেট থেকে সেই ফাঁকা অংশ দিয়েই ভিডিও ধারণ করার চেষ্টা করেছিলেন।
কাস্টমার সার্ভিস শাখার ব্যবস্থাপক মোসাদ্দেক হোসাইন বলেন, টয়লেটে যাতে দুর্গন্ধ না হয় এবং বাতাস চলাচল যাতে অবাধ হয়, সে জন্যই ফাঁকা রাখা হয়েছে।